পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য পুলিশ বিভাগে চাকরির বিরাট খবর এলো। রাজ্যে স্বচ্ছতার সঙ্গে দ্রুত সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পুলিশে একগুচ্ছ নতুন নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কলকাতা পুলিশের লালবাজার থেকে সাব-ইন্সপেক্টর (SI), সার্জেন্ট ও সশস্ত্র সাব-ইন্সপেক্টর পদে নির্বাচিত প্রার্থীদের হাতে সরাসরি নিয়োগপত্র (Appointment Letter) তুলে দেন তিনি। একই মঞ্চ থেকে তিনি স্পষ্ট জানান, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে মোট ২৭,৫৫৬টি পদে নিয়োগের রূপরেখা তৈরি রয়েছে, যার মধ্যে ৬,৩৪৫টি পদ বিশেষভাবে মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছে।
নতুন ১০,৫৫৪ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি আসছে
মুখ্যমন্ত্রী জানান, মোট ২৭,৫৫৬টি নির্ধারিত পদের মধ্যে ইতিমধ্যেই ১১,৯০২ জন প্রার্থীকে বিভিন্ন ধাপে বাছাই করা হয়েছে। এছাড়া খুব শীঘ্রই আরও ১০,৫৫৪টি নতুন শূন্যপদে নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। আগামী ৬ মাসের মধ্যে রাজ্য পুলিশ ছাড়াও দমকল (Fire) ও বন দফতরেও (Forest) একইভাবে বিপুল সংখ্যায় স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ডিসেম্বর ও জানুয়ারিতে আরও নিয়োগপত্র
চাকরিপ্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত কাজে যোগ দেওয়ার সময়সীমাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী:
আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্য পুলিশের সাব-ইন্সপেক্টর (SI) এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ASI) পদে ১,১০০ জনেরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।
নতুন বছরের জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলার আগেই কলকাতা পুলিশ কনস্টেবল পদে আরও ৪,০০০-এর বেশি নির্বাচিত চাকরিপ্রার্থীকে চূড়ান্ত নিয়োগপত্র দেওয়ার কথা রয়েছে।
থানার আধুনিকীকরণ ও নিরাপত্তায় জোরদার
নিয়োগের পাশাপাশি পুলিশকর্মীদের সুরক্ষা এবং থানার পরিকাঠামো উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে বলেন, আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশের ওপর আক্রমণ বা হেনস্থা হলে কোনোভাবেই রেয়াত করা হবে না, প্রয়োজনে দ্রুত কাস্টডি ট্রায়াল হবে।
আরও পড়ুন: যুবশক্তির টাকা পাবেন না এই ৩ শ্রেণির যুবক-যুবতী! আবেদন শুরু হওয়ার আগে নিয়ম জেনে নিন
জরুরি ‘১১২’ হেল্পলাইন পরিষেবার জন্য প্রতিটি থানায় তিনটি নতুন গাড়ি, তিনটি বাইক এবং ২০ জনের বিশেষ বাহিনী মোতায়েন করা হবে। এছাড়া রাজ্য পুলিশের প্রতিটি থানায় পুলিশকর্মীদের শারীরিক ফিটনেস ও স্বাস্থ্যের কথা ভেবে জিম, ওয়াটার পিউরিফায়ার এবং জেনারেটর বসানোর উদ্যোগও শুরু হয়েছে।
