শারদোৎসবের আবহে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে ফাঁকা থাকা মোট ৪৫,১৮৫টি শূন্যপদে নতুন করে নিয়োগের প্রস্তাবে চূড়ান্ত ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা।
নবান্নে আয়োজিত গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। অর্থ দফতরের প্রয়োজনীয় অনুমোদন মেলার পরই বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়মমাফিক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে বলে প্রশাসনিক সূত্রে স্পষ্ট করা হয়েছে।
স্কুলশিক্ষা দফতরে সর্বাধিক নিয়োগ
অনুমোদিত পদগুলির মধ্যে সিংহভাগ শূন্যপদই তৈরি করা হয়েছে স্কুলশিক্ষা দফতরের অধীনে। এক নজরে বিভাগভিত্তিক শূন্যপদের পরিমান—
স্কুলশিক্ষা দফতর: মোট ৩৩,১৯৯টি পদে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে। এর মধ্যে প্রাথমিক স্তরে ৪,৪৩২ জন, উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারিতে ৬,০৫২ জন, সহকারী শিক্ষক পদে ১২,৩৪৩ জন, পাস গ্র্যাজুয়েট পদে ১,০৩২ জন এবং স্নাতকোত্তর (পিজি) শিক্ষক পদে ২৩ জনকে নেওয়া হবে। পাশাপাশি স্কুলের প্রশাসনিক পরিকাঠামো মজবুত করতে ৪,৩৯৪ জন প্রধান শিক্ষক ও শিক্ষিকা (হেডমাস্টার/হেডমিস্ট্রেস) নিয়োগে সিলমোহর দেওয়া হয়েছে।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর: গ্রামীণ প্রশাসনিক পরিকাঠামো সচল রাখতে এই দফতরে ৭১১৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
কারিগরি শিক্ষা (টেকনিক্যাল এডুকেশন): কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দফতরে নেওয়া হবে ১,৮৮৬ জন কর্মী।
পুলিশ প্রশাসন: আইনশৃঙ্খলা রক্ষা ও নজরদারি বাড়াতে ডেপুটি কমিশনার, ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর এবং মহিলা কনস্টেবল মিলিয়ে ৯৯৬টি শূন্যপদে নিয়োগের অনুমোদন মিলেছে।
চা শ্রমিকদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ
নিয়োগের পাশাপাশি উৎসবের মরশুমে রাজ্যের চা বলয়ের শ্রমিকদের মুখে হাসি ফোটাতে বিশেষ আর্থিক ও খাদ্য সহায়তার ঘোষণা করা হয়েছে। উত্তরবঙ্গের বন্ধ থাকা ২১টি চা বাগানের প্রায় ১৯,৫২৯ জন শ্রমিকের জন্য এই প্যাকেজ বরাদ্দ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, নিয়মিত রেশন সুবিধার অতিরিক্ত হিসেবে পরিবারপিছু ৫০ কেজি চাল এবং এককালীন নগদ ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা সরাসরি শ্রমিকদের হাতে তুলে দেওয়া হবে।
আরও পড়ুন: SIR-এ নাম বাদ পড়েছে? ভোটার তালিকায় নাম তুলতে বিশেষ শিবির, কী কী লাগবে দেখুন
প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানান, অর্থ দফতরের সবুজ সংকেত মেলায় নিয়োগের আইনি বা আর্থিক কোনো বাধা আর রইল না। সংশ্লিষ্ট দফতরগুলি খুব শীঘ্রই তাদের নিজ নিজ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পরীক্ষার বিজ্ঞপ্তি ও নির্দেশিকা প্রকাশ করবে। দীর্ঘদিন পর রাজ্যজুড়ে একসঙ্গে এত বড় অঙ্কের শূন্যপদ পূরণ করার উদ্যোগ বেকার তরুণ-তরুণীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
