পুজোর মরসুম শুরু হওয়ার ঠিক আগেই রাজ্যের হোমগার্ডদের জন্য এল বড় আর্থিক সুখবর। দৈনিক ডিউটি অ্যালাউন্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, আর এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করে দিয়েছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরের হোমগার্ড সেল। নতুন হার কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে।
কতটা বাড়ল হোমগার্ডের ভাতা
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি পদেই দৈনিক ডিউটি অ্যালাউন্স একধাক্কায় ১১০ টাকা করে বেড়েছে। হোমগার্ড ভলান্টিয়ারদের ক্ষেত্রে আগে দৈনিক ৬৪৮ টাকা মিলত, এখন তা বেড়ে হচ্ছে ৭৫৮ টাকা। ডেপুটি গ্রুপ কমান্ডারের ভাতা ৬৫৪ থেকে বেড়ে ৭৬৪ টাকা এবং গ্রুপ কমান্ডারের ৬৫৬ থেকে বেড়ে ৭৬৬ টাকা নির্ধারিত হয়েছে।
২০২৬-এ দুবার বাড়ল হোমগার্ডের ভাতা
এটাই কিন্তু হোমগার্ডদের জন্য প্রথম আর্থিক ঘোষণা নয়। এর আগে ২০২৬ সালের রাজ্য বাজেটেও হোমগার্ডদের মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা বাড়ানোর কথা জানানো হয়েছিল। সেই ঘোষণার কিছু মাসের মধ্যেই এবার দৈনিক ডিউটি অ্যালাউন্সেও বৃদ্ধি হওয়ায়, একই বছরে পরপর দু’বার আর্থিক সুবিধা পেলেন রাজ্যের হোমগার্ডরা।
উচ্চপদের কর্মীদেরও ভাতা বাড়ল
শুধু নিচের স্তর নয়, উপরের পদগুলোতেও একই হারে বৃদ্ধি হচ্ছে। ডেপুটি কমান্ড্যান্টের দৈনিক অ্যালাউন্স ৬৫৯ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ৭৬৯ টাকা। হোমগার্ড কমান্ড্যান্টরা আগে পেতেন ৬৬২ টাকা, এখন থেকে পাবেন ৭৭২ টাকা। আর ডিস্ট্রিক্ট কমান্ড্যান্টের ক্ষেত্রে ভাতা ৬৬৫ টাকা থেকে বেড়ে হচ্ছে ৭৭৫ টাকা।
কারা কারা এই সুবিধা পাবেন?
এই বৃদ্ধি কোনও একটি নির্দিষ্ট জেলা বা এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়। পশ্চিমবঙ্গ হোমগার্ড অর্গানাইজেশন এবং কলকাতা হোমগার্ড অর্গানাইজেশনের অধীনে থাকা সব কর্মী ও আধিকারিকই এই নতুন হারের আওতায় আসবেন। রাজ্যের হোমগার্ড সেলই মূলত নিয়োগ, বেতন-ভাতা এবং পরিষেবা সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক দিক দেখভাল করে থাকে।
আরও পড়ুন: অন্নপূর্ণা থেকে যুবশক্তি সব প্রকল্পে আবার আবেদন করা যাবে, কবে কোথায় যাবেন জানুন
সব মিলিয়ে বলা যায়, পুজোর ঠিক মুখে আসা এই ঘোষণা রাজ্যের হাজার হাজার হোমগার্ড কর্মীর জন্য বাড়তি স্বস্তি নিয়ে এল। ১ অক্টোবর থেকেই নতুন হারে ভাতা পাওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে।
