শুধু প্যান কার্ড ও ভোটার কার্ড নাগরিকত্বের প্রমান না! রায় দিল আদালত, তাহলে কোন নথি লাগবে?

সাধারণ মানুষের ধারণা থাকে প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড থাকলেই বুঝি ভারতের নাগরিকত্ব নিশ্চিত হয়ে যায়। কিন্তু এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিল গুয়াহাটি হাইকোর্ট। আদালতের স্পষ্ট নির্দেশ, উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়া শুধুমাত্র নিজের দাবির ভিত্তিতে তৈরি হওয়া প্যান কার্ড কিংবা ভোটার কার্ড দিয়ে কখনোই দেশের নাগরিকত্ব প্রমাণ করা সম্ভব নয়। এই নথিগুলোর সঙ্গে যুক্ত মূল রেকর্ড যদি আইনত সঠিক ও প্রামাণ্য না থাকে, তবে তা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে আদালতে গ্রাহ্য হবে না।

আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ

বিচারপতি কল্যাণ রাই সুরানা এবং বিচারপতি সুস্মিতা ফুকন খাউন্ডের ডিভিশন বেঞ্চ এক মহিলার আবেদন খারিজ করার সময় এই কড়া মন্তব্য করেছে। ওই মহিলাকে ফরেনার্স ট্রাইব্যুনাল (Foreigners Tribunal) ১৯৭১ সালের ২৫ মার্চের পর বেআইনিভাবে ভারতে প্রবেশকারী ‘বিদেশি’ হিসেবে ঘোষণা করেছিল। ট্রাইব্যুনালের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু আবেদনকারীর সমস্ত যুক্তি ও দাখিল করা নথিপত্র খতিয়ে দেখে আদালত ট্রাইব্যুনালের রায়কেই বহাল রাখে।

কী ছিল মূল মামলাটি?

মামলাকারী মহিলা দাবি করেছিলেন, তাঁর জন্ম ১৯৭৭ সালে অসমে হয়েছিল। নিজের দাবির সপক্ষে তিনি ১৯৬৬ ও ১৯৭০ সালের ভোটার তালিকা পেশ করেন, যেখানে তাঁর ঠাকুরদা-ঠাকুমার নাম ছিল। পাশাপাশি বাবার প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং এনআরসি (NRC) আবেদনপত্র জমা দেন। এমনকি তিনি দাবি করেন, তাঁর বাবা নির্বাচিত কাউন্সিলর ছিলেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন।

কিন্তু আদালত জানায়, নাগরিকত্ব আইন, ১৯৫৫ অনুযায়ী আবেদনকারী তাঁর পিতা কিংবা পূর্বপুরুষদের সঙ্গে নিজের রক্তের বা পারিবারিক সম্পর্ক সরাসরি নথি দিয়ে প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। পূর্বপুরুষের নাম তালিকায় থাকা বা বাবার কার্ড থাকলেই সন্তানের নাগরিকত্ব সরাসরি প্রমাণিত হয় না, যদি না তাঁদের পারস্পরিক বৈধ পারিবারিক যোগসূত্র নিশ্চিত করা যায়।

আইনি অজুহাত খারিজ করল আদালত

আবেদনকারী দাবি করেছিলেন যে তাঁর পূর্বের আইনজীবী ভুল পরামর্শ দিয়েছিলেন, যার জন্য তিনি ট্রাইব্যুনালে প্রয়োজনীয় প্রমাণ দাখিল করতে পারেননি। তাই মামলাটি ট্রাইব্যুনালে ফেরত পাঠানোর আর্জি জানান তিনি। কিন্তু হাইকোর্ট সেই যুক্তি পত্রপাঠ খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ, ট্রাইব্যুনালে নিজের প্রমাণ পেশ করার যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: ১০ বছর পর আবার ৫০০ টাকার নোট বাতিল? মোদিকে বড় প্রস্তাব চন্দ্রবাবুর

পরবর্তীতে নিজের আবেদনের ফাঁকফোকর ঢাকতেই আইনজীবীর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা চলছে। এই ঐতিহাসিক রায়ের ফলে স্পষ্ট হয়ে গেল যে, নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে কেবল পরিচয়পত্র নয়, পূর্বপুরুষের সঙ্গে সম্পর্কের বৈধ নথিই আসল ভিত্তি।

Leave a Comment