কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই — অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)-এর সুপারিশ ঠিক কবে প্রকাশ পাবে? সম্প্রতি কমিশনের তরফে জানানো হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর আগে তারা দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে কর্মী ইউনিয়ন, পেনশনভোগী সংগঠন ও অন্যান্য পক্ষের সঙ্গে সরাসরি বৈঠক করবে।
১ কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন
কমিশনের সিদ্ধান্তে সরাসরি উপকৃত হবেন ১ কোটিরও বেশি মানুষ। এর মধ্যে আছেন প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী, প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগী, আর সঙ্গে প্রতিরক্ষা ও রেলের কর্মী ও অবসরপ্রাপ্তরাও।
কমিশনের কাজের পরিধি ঠিক কী কী?
কেন্দ্রীয় মন্ত্রিসভা কমিশন গঠনের সময়ই তার কার্যপরিধি বা ‘টার্মস অফ রেফারেন্স’ ঠিক করে দিয়েছিল। এই কার্যপরিধি অনুযায়ী কমিশনকে দেখতে হবে দেশের সার্বিক আর্থিক অবস্থা, উন্নয়নমূলক ব্যয় চালিয়ে যাওয়ার সামর্থ্য, পেনশন প্রকল্পের অর্থায়ন এবং রাজ্যগুলোর কোষাগারে এর প্রভাব কতটা পড়বে।
এছাড়া বেসরকারি ক্ষেত্র ও সরকারি সংস্থাগুলোর বর্তমান বেতন কাঠামোও বিবেচনায় রাখতে বলা হয়েছে। বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনার পাশাপাশি কর্মদক্ষতা বাড়াতে ইনসেনটিভ ব্যবস্থা, এমনকি এনপিএস বা ইউপিএসের আওতায় থাকা কর্মীদের গ্র্যাচুইটি নিয়েও সুপারিশ দিতে হবে কমিশনকে।
বৈঠকে কারা কারা নেতৃত্বে থাকবেন?
প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই এই কমিশনের চেয়ারপার্সন। সঙ্গে আছেন সদস্য-সচিব হিসেবে প্রাক্তন আইএএস অফিসার পঙ্কজ জৈন, আর সদস্য হিসেবে অর্থনীতিবিদ অধ্যাপক পুলক ঘোষ, যিনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদেরও সদস্য।
সময়সীমা নিয়ে কী বলা হচ্ছে?
কমিশন গঠনের ১৮ মাসের মধ্যে, অর্থাৎ ২০২৫ সালের ৩ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা থাকলেও, বাস্তবে সেই ঘোষণা আসতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি বা এপ্রিলে। রিপোর্ট জমা দেওয়ার একেবারে শেষ সময়সীমা ধরা হয়েছে ২০২৭ সালের মে মাস।
হাতে কবে আসবে বাড়তি টাকা?
শুধু সুপারিশ প্রকাশ হলেই যে সঙ্গে সঙ্গে নতুন বেতন কার্যকর হয়ে যাবে, তা নয়। আগের বেতন কমিশনগুলোর অভিজ্ঞতা বলছে, সুপারিশ ঘোষণার পর তা পুরোপুরি বাস্তবায়িত হতে সাধারণত আরও দুই থেকে তিন বছর সময় লাগে। সেই হিসেবে ২০২৭ সালে ঘোষিত বেতন কাঠামো পুরোপুরি চালু হতে হতে ২০২৯ বা ২০৩০ সাল গড়িয়ে যেতে পারে।
আরও পড়ুন: যুবশক্তি প্রকল্পে লাগবে ইনকাম ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কীভাবে সহজেই বানাবেন জানুন
সব মিলিয়ে বলা যায়, অষ্টম বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ পেতে এখনও বেশ কিছুটা অপেক্ষা করতে হবে কর্মী ও পেনশনভোগীদের, আর তা কার্যকর হতে লাগবে আরও কয়েক বছর।
