রাজ্যের সাধারণ মানুষ ও পুলিশের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে এবং আইনশৃঙ্খলা ব্যবস্থায় আরও স্বচ্ছতা ফেরাতে এবার এক যুগান্তকারী পদক্ষেপ নিল রাজ্য সরকার। সাধারণ মানুষ যাতে যেকোনো বিপদে বা দরকারে খুব সহজেই সরাসরি পুলিশের সাহায্য পেতে পারেন, তার জন্য নবান্ন সভাঘর থেকে ‘পুলিশ মিত্র অ্যাপ’ (Police Mitra App) চালুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কী কী সুবিধা পাওয়া যাবে ‘পুলিশ মিত্র অ্যাপ’-এ?
অনেক সময়ই কোনো বিপদে পড়লে সাধারণ মানুষ বুঝতে পারেন না যে, সাহায্য চাইতে ঠিক কোন পুলিশ অফিসারের সাথে যোগাযোগ করবেন। এই সমস্যা দূর করতেই আনা হয়েছে এই নতুন মোবাইল অ্যাপ্লিকেশন।
এই অ্যাপের সাহায্যে যে কেউ নিজের স্মার্টফোন থেকেই জানতে পারবেন তাঁর নির্দিষ্ট এলাকার দায়িত্বে ঠিক কোন পুলিশ আধিকারিক বা ‘বিট অফিসার’ (Beat Officer) রয়েছেন।
শুধু নাম নয়, সংশ্লিষ্ট পুলিশ অফিসারের সরাসরি ফোন নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় যোগাযোগের তথ্য এক ক্লিকেই এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।
এর ফলে সাধারণ মানুষের সাথে পুলিশের যেমন সরাসরি যোগাযোগ বাড়বে, তেমনই যেকোনো অভিযোগ বা সমস্যার ক্ষেত্রে প্রশাসনিক কাজে আরও গতি আসবে।
সিভিক ভলান্টিয়ারদের নির্ভরতা নিয়ে কড়া বার্তা
নতুন এই অ্যাপ উদ্বোধনের পাশাপাশি পুলিশের দৈনন্দিন কাজে সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) ওপর মাত্রাতিরিক্ত নির্ভরতা নিয়েও এদিন অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাজ্যের পুলিশি ব্যবস্থাকে আর কোনোভাবেই শুধুমাত্র সিভিক ভলান্টিয়ারদের ওপর নির্ভর করে চলতে দেওয়া যাবে না। এলাকার নিরাপত্তা এবং বিট স্তরের পুলিশের কাজের ক্ষেত্রে প্রতিটি জায়গায় নির্দিষ্ট ‘রিপোর্টিং অফিসার’ (Reporting Officer) নিয়োগ করতে হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছেই নিজেদের সমস্যার কথা জানাতে পারেন।
আরও পড়ুন: যুবশক্তিতে আবেদনের আগে ব্যাংকে গিয়ে করতে হবে এই কাজটি!
পুলিশের আধুনিকীকরণে নতুন চুক্তি
রাজ্যের পুলিশি পরিকাঠামোকে ঢেলে সাজাতে এবং প্রযুক্তিনির্ভর করতে এদিন নবান্নে একটি গুরুত্বপূর্ণ চুক্তি বা মউ (MoU) স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ‘ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর সঙ্গে রাজ্য সরকার এই চুক্তি করেছে। জানা গিয়েছে, আগামী এক বছরের জন্য রাজ্যের পুলিশ ব্যবস্থাকে আধুনিক করতে এই বিশেষ অ্যাকশন প্ল্যান কার্যকর করা হবে।
