১০০০ টাকার নতুন নোটে থাকবে মন্দিরের ছবি? স্পষ্ট জবাব দিল কেন্দ্র

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ভারতীয় মুদ্রা সংক্রান্ত এক চাঞ্চল্যকর খবর। ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ একাধিক মাধ্যমে একটি ছবি ও ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে—রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) নাকি খুব শীঘ্রই ১০০০ টাকার নতুন নোট বাজারে আনতে চলেছে।

এমনকি ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে, হলুদ রঙের একটি ১০০০ টাকার নোটের ওপর জ্বলজ্বল করছে একটি মন্দিরের ছবি। সেখানে আরও দাবি করা হচ্ছে, আগামী ১৫ নভেম্বর থেকেই নাকি এই নতুন নোট সাধারণ মানুষের হাতে পৌঁছাবে। এই খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে সাধারণ নাগরিকদের মনে তীব্র কৌতূহল ও বিভ্রান্তি তৈরি হয়েছে।

১০০০ টাকার ভাইরাল নোটের আসল সত্যতা কী?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই দাবিটি নজরে আসতেই মাঠে নেমেছে ভারত সরকারের তথ্য যাচাইকারী সংস্থা ‘পিআইবি ফ্যাক্ট চেক’ (PIB Fact Check)। কেন্দ্রীয় সরকারের এই সংস্থাটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, বাজারে নতুন ১০০০ টাকার নোট আসার খবরটি সম্পূর্ণ ভুয়ো, মিথ্যে ও বিভ্রান্তিকর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিংবা ভারত সরকার—কারোর তরফেই ১০০০ টাকার নতুন কোনো নোট প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়নি বা এমন কোনো ঘোষণাও করা হয়নি।

পিআইবি-র পক্ষ থেকে এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে নাগরিকদের আশ্বস্ত করা হয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত মন্দিরের ছবি দেওয়া এই ১০০০ টাকার নোটটি পুরোপুরি জাল বা গ্রাফিক্সের কারসাজি। পাশাপাশি, সরকারি বিজ্ঞপ্তি বা রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোনো অবিশ্বস্ত সূত্রের খবরে কান না দেওয়ার এবং এই ধরণের গুজব শেয়ার না করার কড়া বার্তা দেওয়া হয়েছে।

বর্তমানে দেশে কোন কোন নোট বৈধ?

২০১৬ সালের নোটবাতিলের পর থেকেই ভারতে ১০০০ টাকার নোটের প্রচলন পুরোপুরি বন্ধ রয়েছে। বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ও কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বাজারে ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা এবং ৫০০ টাকার নোট আইনত বৈধ হিসেবে প্রচলিত রয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

উল্লেখ্য, ১ টাকার নোট প্রকাশ করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং ২ ও ৫ টাকার নতুন নোট ছাপানো বন্ধ হলেও পুরনো নোটগুলি এখনও বৈধ। এর বাইরে ১০০০ টাকার কোনো নতুন নোট বাজারে ছাড়ার কোনো পরিকল্পনা নেই সরকারের।

আরও পড়ুন: অন্নপূর্ণার ৩০০০ টাকা নভেম্বরে নাও ঢুকতে পারে! কারা বাদ যাবে জানুন

সন্দেহজনক খবর পেলে কী করবেন?

প্রতারক চক্র প্রায়ই এই ধরণের ভুয়া খবর ছড়িয়ে তার নিচে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে আর্থিক প্রতারণার ফাঁদ পাতে। কেন্দ্রীয় সরকারের কোনো নির্দেশিকা বা মুদ্রা সংক্রান্ত সন্দেহজনক পোস্ট চোখে পড়লে তা সরাসরি পিআইবি ফ্যাক্ট চেকের হোয়াটসঅ্যাপ নম্বর (+৯১ ৮৭৯৯৭১১২৫৯) কিংবা ইমেলে (factcheck@pib.gov.in) পাঠিয়ে সত্যতা যাচাই করে নেওয়া সম্ভব।

Leave a Comment