ফেরত দিতে হবে স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড! এইসব লোকেদের জন্য খারাপ খবর

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের (WBHS) আওতায় থাকা সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য কড়া নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। যাঁদের কাছে স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারতের কার্ড রয়েছে, তাঁদের সেই কার্ড ৩১ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে।

রাজ্য মেডিক্যাল সেল-এর নির্দেশ

৯ অক্টোবর রাজ্যের অর্থ দফতরের মেডিক্যাল সেল থেকে এই নির্দেশিকা (৯২-F(MED)WB) জারি হয়। সরকারের নজরে এসেছে, WBHS-এর সুবিধা থাকা সত্ত্বেও অনেক কর্মী, পেনশনভোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের নামে স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান কার্ড রয়েছে। এই নির্দেশ সাধারণ কর্মচারী ও পেনশনভোগীদের পাশাপাশি অল ইন্ডিয়া সার্ভিসের আধিকারিকদের ক্ষেত্রেও প্রযোজ্য।

স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে কেন এই কড়াকড়ি?

সরকারি কর্মী ও পেনশনভোগীরা WBHS-এর মাধ্যমে ইতিমধ্যেই চিকিৎসার সুবিধা পান। তাই সরকারের মতে, তাঁদের আলাদা করে স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারতের কার্ড রাখার প্রয়োজন নেই। একই সঙ্গে দুটো প্রকল্পের সুবিধা নেওয়া যায় না বলেই খবর। নতুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাতেও WBHS-ভুক্তরা বাদ, তাই সরকারি স্বাস্থ্য-সুবিধার এই ডাবল কভারেজ আটকাতেই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

কাদের জন্য এই নির্দেশ?

শুধু নিজের নামের কার্ড নয়, পরিবারের নির্ভরশীল সদস্যদের নামে থাকা কার্ডও জমা দিতে হবে। কার্ড আগে ছিল বা এখনও আছে, দুই ক্ষেত্রেই নিয়ম প্রযোজ্য। যাঁদের এমন কার্ড নেই, তাঁদের কিছু করতে হবে না।

কীভাবে জমা দিতে হবে কার্ড?

  • নির্দিষ্ট ফর্ম Annexure-A পূরণ করে কার্ডের সঙ্গে জমা দিতে হবে
  • সরকারি কর্মীরা জমা দেবেন নিজের দফতরের প্রধানের কাছে
  • পেনশনভোগীরা জমা দেবেন যে অফিসে WBHS-এর দাবি পেশ করেন, সেখানে
  • কর্মীদের ফর্মে নাম, আইডি ও জিপিএফ অ্যাকাউন্ট নম্বর, আর পেনশনভোগীদের পিপিও নম্বর লিখতে হবে
  • কার্ড জমার প্রমাণ ও নির্দিষ্ট বয়ানে ঘোষণাপত্রও দিতে হবে

দফতরপ্রধান, পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষ ও ডিডিও-দের নির্দেশ কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা রসিদ যাচাই করে একটা কমপ্লায়েন্স লগ রাখবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই নিয়ম না মানলে কী হতে পারে?

একটি রিপোর্ট অনুযায়ী নির্ধারিত সময়ে নির্দেশ না মানলে WBHS-এর চিকিৎসা সুবিধা সাময়িকভাবে স্থগিত হতে পারে, আর কর্মীদের ক্ষেত্রে বিষয়টাকে অসদাচরণ ধরে সার্ভিস রুল অনুযায়ী ব্যবস্থাও শুরু হতে পারে। তবে অন্য একটি সূত্রের মতে শাস্তির বিষয়টি এখনও স্পষ্ট নয়, তাই সরকারি বিজ্ঞপ্তি দেখে নেওয়াই ভালো।

আরও পড়ুন: স্বাস্থ্যসাথীর দিন শেষ? শুরু হলো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা, কীভাবে নাম তুলবেন?

সব মিলিয়ে, WBHS-ভুক্ত যাঁদের কাছে এমন কার্ড আছে, তাঁদের ৩১ অক্টোবরের আগে ফর্ম আর ঘোষণাপত্র গুছিয়ে দফতরে জমা দেওয়া উচিত। পুজোর ছুটিতে সময় কমে যেতে পারে, তাই কাজটা এখনই সেরে ফেলাই নিরাপদ।

Leave a Comment