পড়ুয়াদের খাবারের অনুদান ১,৫০০ টাকা বাড়িয়ে মাসে ৩,৩০০ টাকা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুখবর। এবার সরকারি হস্টেলে থাকা পড়ুয়াদের খাবারের মান আরও ভালো করতে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার উত্তরবঙ্গ সফরে গিয়ে আলিপুরদুয়ারের কুমারগ্রামে ‘জনজাতি গৌরব দিবস’-এর মঞ্চ এবং লোকনাথপুর আশ্রমের গার্লস হস্টেল পরিদর্শন করে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছাত্রছাত্রীদের খাবারের টাকা বাড়ানোর পাশাপাশি হস্টেলে নজরদারি ও ভুয়ো শংসাপত্র নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি।

১৫০০ টাকা বাড়ানো হলো মাসিক অনুদান

সরকারি হস্টেলে থাকা আদিবাসী পড়ুয়াদের পুষ্টিকর খাবারের কথা মাথায় রেখে মাসিক অনুদান একধাক্কায় ১,৫০০ টাকা বাড়ানো হয়েছে।

  • আগের বরাদ্দ: এতদিন পড়ুয়া পিছু খাবারের জন্য প্রতি মাসে ১,৮০০ টাকা করে বরাদ্দ ছিল।

  • নতুন বরাদ্দ: এখন ১,৫০০ টাকা বেড়ে তা হয়েছে প্রতি মাসে ৩,৩০০ টাকা।

উল্লেখ্য, এর আগে বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী এই টাকা বাড়ানোর ঘোষণা করেছিলেন এবং গত আগস্ট মাস থেকেই এই বর্ধিত অনুদান চালু হয়ে গিয়েছে। এদিন লোকনাথপুর হস্টেলে গিয়ে এবং ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের মোট ৩২৪টি আদিবাসী হস্টেলের ১৪,৭৫৩ জন পড়ুয়ার সঙ্গে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী। বাড়তি এই ৩,৩০০ টাকার সুবিধা এবং পুষ্টিকর খাবার ছাত্রছাত্রীরা ঠিকমতো পাচ্ছে কি না, তা নিজেই খতিয়ে দেখেন তিনি।

খাবারে ফাঁকি দিলেই কড়া ব্যবস্থা!

হস্টেলের খাবারের টাকা নিয়ে যাতে কোনো রকম দুর্নীতি বা গাফিলতি না হয়, সে বিষয়ে শিক্ষিকা ও ওয়ার্ডেনদের কড়া নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই বাড়তি টাকা যেন সম্পূর্ণভাবে ছাত্রছাত্রীদের কল্যাণেই খরচ করা হয়। পড়ুয়াদের সাহস জুগিয়ে তিনি বলেন, “তোমরাই আমাদের ভবিষ্যৎ, সরকার তোমাদের জন্য যে টাকা দিচ্ছে তা ঠিকমতো পাচ্ছ কি না, নিজেরাই বুঝে নেবে।”

পাশাপাশি অভিভাবকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা—কোথাও খাবারের মান খারাপ হলে বা কোনো অবহেলা চোখে পড়লে সরাসরি রাজ্য সরকারের অভিযোগ পোর্টালে (Grievance Portal) জানান। অভিযোগ পেলেই প্রশাসন দ্রুত কড়া পদক্ষেপ নেবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: রাজ্যের ২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে মেসেজ সরকারের, গ্রামেই মিলবে দৈনিক ৬০০ টাকার কাজ

বাদ্যযন্ত্র উপহার ও ভুয়ো ST সার্টিফিকেট নিয়ে বড় ঘোষণা

শুধু পড়াশোনা বা খাবার নয়, আদিবাসী পড়ুয়াদের সংস্কৃতি চর্চাতেও জোর দিয়েছে সরকার। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যের ৩২৪টি আদিবাসী হস্টেলের প্রতিটিতে হারমোনিয়াম-সহ বিভিন্ন বাদ্যযন্ত্র দেওয়া হবে। এর পাশাপাশি আরও দুটি বড় বার্তা দিয়েছেন তিনি:

  • ভুয়ো ST সার্টিফিকেট বাতিল: অতীতে যত ভুয়ো এসটি (ST) শংসাপত্র তৈরি হয়েছে, তার সবকটিই বাতিল করা হবে এবং ভবিষ্যতে জালিয়াতি রুখতে কড়া নজরদারি চলবে।

  • যোগ্যদের জন্য আবাস: আদিবাসী সমাজ আর কোনো সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবে না এবং এবার থেকে শুধুমাত্র প্রকৃত যোগ্যরাই সরকারি আবাসের সুবিধা পাবেন।

Leave a Comment