রেশনের লাইনে আর দাঁড়াতে হবে না! এবার হবে হোম ডেলিভারি

বয়স্ক মানুষদের জন্য প্রতি মাসে রেশন তোলা বরাবরই একটি অত্যন্ত কষ্টের কাজ। দীর্ঘক্ষণ রেশনের লাইনে দাঁড়িয়ে থাকা অনেক প্রবীণ ও অসুস্থ মানুষের পক্ষেই কার্যত অসম্ভব। সাধারণ মানুষের এই সমস্যার কথা মাথায় রেখেই এবার রেশন বণ্টন ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের উদ্যোগ নিল সরকার।

জানানো হয়েছে, ৭৫ বছর বা তার বেশি বয়সি প্রবীণ নাগরিকদের আর রেশন সংগ্রহ করতে দোকানে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। সরকারের তরফ থেকে তাঁদের প্রাপ্য সরকারি খাদ্যশস্য সরাসরি বাড়িতে পৌঁছে দেওয়া হবে অর্থাৎ হোম ডেলিভারি (Home Delivery of Ration)।

​কবে থেকে শুরু হচ্ছে এই পরিষেবা?

সম্প্রতি পটনার জ্ঞান ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে রেশন ব্যবস্থার এই মেগা উদ্যোগের কথা ঘোষণা করেছে বিহার সরকার। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, বয়স্কদের সুবিধার্থে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার এই বিশেষ পরিষেবা আগামী বছর থেকেই পুরোদমে চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে প্রবীণ মানুষদের আর দূরে গিয়ে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রেশন তুলতে হবে না।

​নতুন রেশন কার্ড মিলবে মাত্র ৩০ দিনে!

এদিনের অনুষ্ঠানে রেশন ব্যবস্থা নিয়ে আরও বেশ কয়েকটি বড় ঘোষণা করা হয়েছে।

  • ​জানানো হয়েছে, রাজ্যজুড়ে নতুন করে প্রায় ২৩ লক্ষ ৭৫ হাজার মানুষকে সরকারি খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আনা হয়েছে।
  • ​এর পাশাপাশি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলা হয়েছে, এখন থেকে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করলে মাসের পর মাস অপেক্ষা করতে হবে না; আবেদনের মাত্র ৩০ দিনের মধ্যেই যোগ্য উপভোক্তার হাতে নতুন কার্ড তুলে দেওয়া হবে।

​নতুন রেশন দোকান ও ই-কেওয়াইসি (e-KYC)

বর্তমানে ওই রাজ্যে ২ কোটি ৯ লক্ষেরও বেশি রেশন কার্ড রয়েছে, যার মাধ্যমে প্রায় ৮ কোটি ৪৬ লক্ষ মানুষ সরকারি রেশনের সুবিধা পাচ্ছেন। এই বিশাল সংখ্যক মানুষের সুবিধার্থে ১,৪৪৮ জন নতুন ডিলারকে রেশন দোকান পরিচালনার লাইসেন্স দেওয়া হয়েছে। এর ফলে বিশেষ করে প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষজন নিজেদের বাড়ির আরও কাছাকাছি রেশন দোকান পেয়ে যাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

​একইসঙ্গে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং ভুয়ো রেশন কার্ড আটকাতে ‘স্মার্ট পিডিএস ২.০’ (Smart PDS 2.0) পোর্টাল এবং আধার-ভিত্তিক ই-কেওয়াইসি (e-KYC) ব্যবস্থার ওপরেও জোর দিচ্ছে সরকার।

আরও পড়ুন: সিভিকদের নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

অনেক সময় দেখা যায়, পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলেও তাঁর কার্ডে বেআইনিভাবে রেশন তোলা হচ্ছে। এই দুর্নীতি আটকাতেই ই-কেওয়াইসি-তে জোর দেওয়া হচ্ছে। দেশের অন্যান্য রাজ্যগুলিও যদি বিহারের মতো বয়স্কদের জন্য এই ‘দুয়ারে রেশন’ বা বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার সুবিধা চালু করে, তবে দেশের কোটি কোটি বয়স্ক মানুষ দারুণভাবে উপকৃত হবেন।

Leave a Comment