৪২ বছর বয়সী মহিলার ঢুকছে বার্ধক্যভাতা, অন্নপূর্ণা থেকে বাদ গেছে নাম! কিন্তু কেন?

রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা যোজনা’র (Annapurna Yojana) টাকা না পাওয়া নিয়ে ইতিমধ্যেই বহু মহিলার মধ্যে ক্ষোভ জমেছে। নভেম্বর মাসেও টাকা না ঢোকায় রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সরকারি অফিসে ধর্ণা দিচ্ছেন উপভোক্তারা। এরই মাঝে কোচবিহার থেকে সামনে এল এক অদ্ভুত ঘটনা। মাত্র ৪২ বছর বয়সে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে এক মহিলার নামে চালু হয়ে গিয়েছে বার্ধক্য ভাতা! আর সেই কারণেই অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে তাঁর নাম। 

ঘটনাটা কী?

ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙা শহরের ১০ নম্বর ওয়ার্ডে। সেখানকার বাসিন্দা ৪২ বছর বয়সী ফুলমতি রায় বর্মন গত জুন মাসে (প্রায় ছ’মাস আগে) অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন। তাঁর অভিযোগ, নিয়ম মেনে ফর্ম জমা দেওয়ার পরেও প্রতি মাসে তাঁর অ্যাকাউন্টে টাকা ঢুকছিল না। একমাত্র অক্টোবর মাসে একবার অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছিলেন তিনি। তারপর থেকে আর কোনো টাকা ঢোকেনি।

কেন টাকা বন্ধ হয়ে গেল, তা জানতে নিজের মোবাইলে অন্নপূর্ণা যোজনার অফিশিয়াল পোর্টালে স্ট্যাটাস চেক করেন ফুলমতি। আর তা দেখেই মাথায় হাত পড়ে তাঁর! পোর্টালে লেখা রয়েছে—তাঁর নামে বার্ধক্য ভাতার টাকা চালু আছে, আর সেই কারণেই অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে তাঁর নাম বাতিল করে দেওয়া হয়েছে।

৪২ বছর বয়সে বার্ধক্য ভাতা কীভাবে?

সরকারি নিয়ম অনুযায়ী, বার্ধক্য ভাতা (Old Age Pension) পেতে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে ৬০ বছর হতে হয়। সেখানে মাত্র ৪২ বছর বয়সে কীভাবে তাঁর নামে বার্ধক্য ভাতা চালু হলো, তা ভেবেই অবাক হয়ে যান ফুলমতি ও তাঁর পরিবারের লোকজন।

বিষয়টির আসল কারণ জানতে ফুলমতি এবং তাঁর স্বামী সরাসরি ট্রেজারি অফিসে যোগাযোগ করেন। সেখান থেকে খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন, ফুলমতি রায় বর্মনের আধার কার্ডের নম্বর ব্যবহার করে অন্য কেউ বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন। আরও অবাক করা বিষয় হলো, যাঁর অ্যাকাউন্টে ওই বার্ধক্য ভাতার টাকা ঢুকছে, কাকতালীয়ভাবে তাঁর নামও ‘ফুলমতি বর্মন’।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিজেপির ‘সেবাদূত অভিযান’! ২৫ দিন চলবে, মানুষের কী লাভ হবে?

প্রশাসনের দ্বারস্থ পরিবার, শুরু তদন্ত

পুরো বিষয়টি জানার পরই আধার কার্ড জালিয়াতির অভিযোগ তুলেছেন ফুলমতির স্বামী। ইতিমধ্যেই এই ঘটনার প্রতিকার চেয়ে মহকুমা শাসকের (SDO) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। কীভাবে একজনের আধার নম্বর ব্যবহার করে অন্য কারও নামে বার্ধক্য ভাতা চালু হলো, তার তদন্ত শুরু করেছে প্রশাসন। ফুলমতির আবেদন, অবিলম্বে ওই ভুয়ো বার্ধক্য ভাতার সংযোগ বন্ধ করে যেন তাঁর অন্নপূর্ণা যোজনার টাকা ফের চালু করা হয়।

Leave a Comment