রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা আরও একধাপ বাড়ল। বাজারে ঘাটতি দেখা যাচ্ছে সাধারণ ১৪.২ কেজির রান্নার গ্যাসের নতুন কানেকশন। গত মার্চ মাস থেকেই অঘোষিতভাবে ১৪ কেজির এলপিজি (LPG) সিলিন্ডারের নতুন সংযোগ দেওয়া একপ্রকার বন্ধ করে দেওয়া হয়েছে। তার বদলে গ্যাস ডিস্ট্রিবিউটররা গ্রাহকদের ঘাড়ের ওপর চাপিয়ে দিচ্ছেন ১০ কেজির নতুন সিলিন্ডার। তাও আবার সাধারণ হিসেবের চেয়ে প্রায় আড়াই গুণ বেশি দামে! তাহলে কি সাধারণ মানুষের জন্য ১৪.২ কেজির সিলিন্ডার পুরোপুরি বন্ধ করে দিতে চলেছে কেন্দ্র?
১০ কেজির সিলিন্ডারের দাম কত?
বর্তমানে একটি ১৪.২ কেজির সাধারণ সিলিন্ডার রিফিল করতে গ্রাহকদের খরচ হয় ৯৬৮ টাকা। সেই হিসেবে একটি ১০ কেজির সিলিন্ডারের দাম হওয়ার কথা ছিল ৬৮২ টাকার কাছাকাছি। কিন্তু বাস্তবে ১০ কেজির একটি সিলিন্ডার রিফিল করতে এখন গ্রাহকদের গুনতে হচ্ছে ১,৬৬৭ টাকা! শুধু তাই নয়, চলতি নভেম্বর মাসে যদি কেউ নতুন করে ১০ কেজির গ্যাস সংযোগ (New Connection) নিতে যান, তবে তাঁকে এককালীন খরচ করতে হচ্ছে ৪,৮৫৩ টাকা।
চুপিসারে তুলে নেওয়া হলো গ্রাহকদের ভরতুকি
১০ কেজি সিলিন্ডার বা ফ্রি ট্রেড এলপিজি (FTL) সিলিন্ডার বাজারে আনার সময় সাধারণ গ্রাহকদের জন্য নতুন কানেকশনে ২৫০ টাকা এবং রিফিলে ২০০ টাকা ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এই সুবিধা পাওয়ার কথা ছিল। কিন্তু ডিস্ট্রিবিউটরদের দাবি, কেন্দ্র চুপিসারে গ্রাহকদের এই সুবিধা তুলে নিয়েছে।
গ্রাহকদের সুবিধা কেড়ে নিয়ে ডিস্ট্রিবিউটর বা ডিলারদের জন্য ইনসেন্টিভ বা মোটা কমিশনের ব্যবস্থা চালু করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ডিস্ট্রিবিউটর মাসে ৫টি ১০ কেজির নতুন সংযোগ দিলে সিলিন্ডার পিছু ১২৫ টাকা, ৬ থেকে ১০টির ক্ষেত্রে ১৫০ টাকা এবং ১০০-র উপর সংযোগ দিলে ২৫০ টাকা পর্যন্ত কমিশন পাবেন। অর্থাৎ, কমিশন দিয়ে ডিস্ট্রিবিউটরদের উসকে দেওয়া হচ্ছে, যাতে তাঁরা সাধারণ মানুষকে এই দামি ১০ কেজির গ্যাস কিনতে বাধ্য করেন (Push Sale)।
আরও পড়ুন: এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের জন্য নতুন আবেদন শুরু হচ্ছে, কী কী ডকুমেন্ট লাগবে?
কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে সরকার?
আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং ইরান যুদ্ধের পরিস্থিতিকে সামনে রেখেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। একটি ১৪.২ কেজির সিলিন্ডারে সরকারকে ২০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত ভরতুকি দিতে হয়। সরকার আর সেই বিপুল আর্থিক বোঝা বইতে চাইছে না। অন্যদিকে, ১০ কেজির সিলিন্ডারে ভরতুকির কোনো ব্যাপার নেই, উল্টে এতে সরকারের মোটা টাকা লাভ থাকছে। কবে আবার সাধারণ ১৪ কেজির সিলিন্ডারের নতুন সংযোগ শুরু হবে, সে বিষয়ে পেট্রলিয়াম মন্ত্রক বা রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির কাছে এখনও কোনো স্পষ্ট জবাব নেই।
