পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। মহার্ঘ ভাতা বা ডিএ (DA)-র বৈষম্য মেটানোর পাশাপাশি এবার রাজ্যে বহুল প্রতীক্ষিত সপ্তম পে কমিশন (7th Pay Commission) কার্যকর করার প্রক্রিয়া দ্রুত গতিতে শুরু করেছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এবার সরাসরি ময়দানে নেমেছে নবগঠিত বেতন কমিশন।
সপ্তম পে কমিশন কার্যকর করার তোড়জোড়
সপ্তম পে কমিশনকে দ্রুত কার্যকর করতে প্রশাসনিক স্তরে তোড়জোড় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি নতুন বেতন কমিশনের সদস্য-সচিব দেবী প্রসাদ করণম একটি বিশেষ নির্দেশিকা জারি করেছেন। রাজ্যের সমস্ত সরকারি দফতরের কাছে কর্মী সংখ্যা, অনুমোদিত পদ, বিভিন্ন ক্যাডার ও পরিষেবা সংক্রান্ত বিশদ তথ্য দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন বিভাগের এই ডেটা হাতে আসার পরই পে-ম্যাট্রিক্স ও বেতন কাঠামো নির্ধারণের চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে।
জানুয়ারি ২০২৭ থেকেই কি কার্যকর হবে সপ্তম পে কমিশন?
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম পে কমিশনের সুবিধা ভোগ করছেন এবং তাঁদের জন্য অষ্টম পে কমিশনের প্রস্তুতি চলছে। অথচ পশ্চিমবঙ্গে এখনো ষষ্ঠ বেতন কমিশন চালু আছে। এই পরিস্থিতিতে রাজ্যের কর্মীদের একাংশের আশা, প্রশাসনিক প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে, তাতে কমিশনের সুপারিশ চূড়ান্ত হলে আগামী জানুয়ারি থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে।
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, অভিজ্ঞ আইএএস নবীন প্রকাশের নেতৃত্বে সপ্তম পে কমিশন গঠনের কাজ শেষ হয়েছে। এখন মূল অপেক্ষা কমিশনের চূড়ান্ত রিপোর্ট ও সরকারের ছাড়পত্রের।
ডিএ ও বেতন বৃদ্ধির বড় আশ্বাস
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দেশের প্রায় সমস্ত রাজ্যেই ইতিমধ্যে সপ্তম পে কমিশন চালু রয়েছে। কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের বেতনের যে বিরাট ফারাক রয়েছে, তা দূর করতেই দ্রুত এই ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: যুবশক্তির ৩০০০ টাকা ঢুকবে ১ জানুয়ারি থেকে! কীভাবে আবেদন করবেন জানুন
কমিশনের রিপোর্ট হাতে আসামাত্রই বিলম্ব না করে তা লাগু করা হবে। এর ফলে সরকারি দফতর ছাড়াও পঞ্চায়েত, পুরসভা, বিভিন্ন পর্ষদ এবং সরকারি স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের মূল বেতনে বড়সড় বৃদ্ধি ঘটতে চলেছে।
