ভারতের টেলিকম বাজারে সাধারণ গ্রাহকদের সুবিধার্থে এক বড় পদক্ষেপ নিল ভারতী এয়ারটেল (Bharti Airtel)। দেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ‘ট্রাই’ (TRAI)-এর নয়া নির্দেশিকা মেনে প্রথম টেলিকম অপারেটর হিসেবে শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএস (SMS)-এর সুবিধাযুক্ত সাশ্রয়ী প্রিপেইড রিচার্জ প্যাক চালু করল সংস্থাটি। যে সমস্ত গ্রাহকদের ফোনে ইন্টারনেট ডেটার কোনো প্রয়োজন নেই, তাঁদের জন্য এই নতুন প্ল্যানগুলি বাড়তি আর্থিক সাশ্রয় এনে দেবে।
ইন্টারনেট ছাড়া শুধুই কলিং প্ল্যানের প্রয়োজনীয়তা কেন?
সাধারণত টেলিকম সংস্থাগুলির প্রতিটি স্ট্যান্ডার্ড রিচার্জ প্ল্যানে কলিংয়ের পাশাপাশি দৈনিক নির্দিষ্ট পরিমাণ ডেটা বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত থাকে। কিন্তু দেশে বহু প্রবীণ নাগরিক, ফিচার বা কিপ্যাড ফোন ব্যবহারকারী এবং সাধারণ গ্রাহক রয়েছেন, যাঁরা ইন্টারনেটের ব্যবহার করেন না। ডেটা ব্যবহার না করলেও রিচার্জের সময় তাঁদের পুরো প্ল্যানের বাড়তি দাম দিতে হতো। এই বৈষম্য দূর করতে এবং ডেটার অপ্রয়োজনীয় খরচ কমাতে ট্রাই সমস্ত সংস্থাকে শুধুমাত্র কলিং ও মেসেজিং প্যাক চালুর নির্দেশ দেয়। সেই কাঠামো বাস্তবায়নে প্রথম টেলিকম সংস্থা হিসেবে এগিয়ে এল এয়ারটেল।
Airtel এর নতুন প্ল্যানের খরচ ও সুবিধা একনজরে
এয়ারটেলের তরফ থেকে ডেটামুক্ত এই প্রিপেইড প্যাকগুলি মূলত দুটি ভিন্ন মেয়াদে আনা হয়েছে:
১৮৫ টাকার রিচার্জ প্ল্যান: এই প্যাকটির বৈধতা ২৮ দিন। এতে গ্রাহকরা দেশের যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল ও এসটিডি কলিংয়ের সুবিধা পাবেন। এর সঙ্গে থাকছে মোট ৩০০টি বিনামূল্যে এসএমএস এবং ফ্রি হ্যালোটিউনের সুবিধা।
২০৩ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানটির মেয়াদ পুরো ৩০ দিন। এতেও যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি ভয়েস কল, ৩০০টি এসএমএস এবং ফ্রি হ্যালোটিউন দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: সপ্তম পে কমিশনে একধাক্কায় কতটা বাড়বে বেতন? অর্থ দফতরের পদক্ষেপে সরকারি কর্মীদের মুখে চওড়া হাসি!
উভয় প্ল্যানেই কোনো ইন্টারনেট ডেটা অন্তর্ভুক্ত রাখা হয়নি। ফলে অতিরিক্ত খরচের বোঝা ছাড়াই গ্রাহকরা নিজেদের সিম সচল রাখতে পারবেন এবং নিরবচ্ছিন্ন ভয়েস কলিং চালিয়ে যেতে পারবেন। কিপ্যাড ফোন ব্যবহারকারী এবং সেকেন্ডারি সিম সক্রিয় রাখার ক্ষেত্রে এই সাশ্রয়ী প্ল্যানগুলি অত্যন্ত জনপ্রিয় হবে বলেই মনে করছে টেলিকম মহল।
