ভারতের আর্থিক ক্ষেত্রে এক নতুন মাইলফলক তৈরি হলো। সংযুক্ত আরব আমিরশাহির (UAE) অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ‘এমিরেটস এনবিডি ব্যাংক পিজেএসসি’ (Emirates NBD Bank PJSC)-এর ভারতে থাকা শাখাগুলিকে দেশীয় বেসরকারি খাতের ‘আরবিএল ব্যাংক’ (RBL Bank)-এর সঙ্গে মিশে যাওয়ার চূড়ান্ত অনুমোদন দিল ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)।
ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর ৪৪এ(৪) ধারার আওতায় এই সংযুক্তিকরণ (Amalgamation)-এ আনুষ্ঠানিক সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কবে থেকে কার্যকর হচ্ছে এই সংযুক্তি?
রিজার্ভ ব্যাংকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে এই সংযুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। এর ফলে ভারতে পরিচালিত এমিরেটস এনবিডি-র শাখাগুলির সমস্ত কাজ আরবিএল ব্যাংকের অধীনে চলে আসবে।
বর্তমানে ভারতে মুম্বই, চেন্নাই এবং গুরুগ্রামে এমিরেটস এনবিডি-র তিনটি পূর্ণাঙ্গ শাখা রয়েছে। ১ ডিসেম্বর থেকে এই তিনটি শাখাই সরাসরি আরবিএল ব্যাংকের শাখা হিসেবে পরিচিত হবে এবং গ্রাহকদের পরিষেবা দেবে।
সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগের চুক্তি
এই সংযুক্তিকরণ আসলে একটি দীর্ঘমেয়াদি ও বিশদ চুক্তির দ্বিতীয় ধাপ। ইতিপূর্বেই ২০২৬ সালের জুন মাসে প্রায় ২৬,০০০ কোটি টাকা (আনুমানিক ২.৭৫ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগের মাধ্যমে আরবিএল ব্যাংকের ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণ সম্পূর্ণ করেছিল এমিরেটস এনবিডি।
দেশের কোনো লাভজনক বাণিজ্যিক ব্যাংকে বিদেশি সংস্থার এটাই সবচেয়ে বড় নিয়ন্ত্রণমূলক অংশীদারিত্ব এবং ভারতের ব্যাংকিং খাতে একক বৃহত্তম প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI)। ভারতের প্রতিযোগিতা কমিশন (CCI) এবং অর্থ মন্ত্রকের প্রয়োজনীয় সবুজ সংকেত আগেই মিলেছিল; এবার আরবিআই-এর অনুমোদনের মাধ্যমে শাখা সংযুক্তির আইনি পথও পুরোপুরি পরিষ্কার হলো।
গ্রাহকদের পরিষেবা ও ব্যাংকের ভবিষ্যৎ
এই সংযুক্তির ফলে আরবিএল ব্যাংকের মূলধন ও আর্থিক ভিত্তি বহুগুণ শক্তিশালী হবে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে এমিরেটস এনবিডি-র যে বিশাল আন্তর্জাতিক নেটওয়ার্ক ও প্রবাসী ভারতীয় (NRI) গ্রাহকভিত্তি রয়েছে, তার সঙ্গে ভারতের মাটিতে আরবিএল ব্যাংকের খুচরো ও বাণিজ্যিক ঋণ ব্যবস্থার চমৎকার মেলবন্ধন ঘটবে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড পেয়েছেন? না পেলে কীভাবে আবেদন করবেন জানুন
দুই ব্যাংকের প্রযুক্তিগত ও আর্থিক মেলবন্ধনে গ্রাহকরা আরও উন্নত ডিজিটাল ব্যাংকিং এবং আন্তর্জাতিক লেনদেনের সুবিধা পাবেন। এই অনুমোদনের খবর প্রকাশের পরই শেয়ার বাজারে আরবিএল ব্যাংকের শেয়ারের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
