উৎসবের মরসুম শুরুর ঠিক মুখে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য স্বস্তির খবর দিল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। জীবনযাত্রার বাড়তি খরচের সঙ্গে তাল মেলাতে ভ্যারিয়েবল ডিয়ারনেস অ্যালাউয়েন্স বা VDA বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে দৈনিক মজুরিতে।
কবে থেকে কার্যকর হবে বাড়তি VDA?
সংশোধিত এই মজুরি কাঠামো কার্যকর হয়ে গেছে ১ অক্টোবর থেকে। প্রতি ছয় মাস অন্তর, অর্থাৎ এপ্রিল আর অক্টোবরে শ্রম ব্যুরো শিল্পশ্রমিকদের জন্য নির্ধারিত ভোক্তা মূল্য সূচকের (CPI-IW) গড় পরিবর্তনের ভিত্তিতে এই হার পর্যালোচনা করে। এবারের বৃদ্ধির পেছনে কারণ, সূচক আগের ৪২৪.৮০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৩১.৪২-এ।
কারা পাচ্ছেন এই সুবিধা?
কেন্দ্রীয় তফসিলভুক্ত প্রতিষ্ঠানের অধীনে কাজ করা অসংগঠিত ও চুক্তিভিত্তিক শ্রমিকরা এই বৃদ্ধির আওতায় আসছেন। এর মধ্যে আছেন নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজে যুক্তরা, সাফাই ও পরিচ্ছন্নতাকর্মী, মাল তোলা-নামানোর শ্রমিক, সশস্ত্র বা নিরস্ত্র নিরাপত্তারক্ষী, খনি শ্রমিক এবং কৃষি ও উদ্যানপালনে যুক্ত মানুষজন।
নির্মাণ ক্ষেত্রে দৈনিক মজুরি কত হলো?
A শ্রেণির শহরে কাজ করা শ্রমিকদের জন্য নতুন হার এরকম —
- অদক্ষ শ্রমিক: দৈনিক ৮৪০ টাকা
- আধা-দক্ষ: দৈনিক ৯৩৩ টাকা
- দক্ষ বা কেরানি পদের কর্মী: দৈনিক ১,০২৪ টাকা
- অতি দক্ষ শ্রমিক: দৈনিক ১,১১১ টাকা
B ও C শ্রেণির শহরে এই অঙ্ক কিছুটা কম — যেমন অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে B শ্রেণিতে ৭০৪ টাকা আর C শ্রেণিতে ৫৬৫ টাকা দৈনিক।
কৃষিক্ষেত্রে মজুরির হিসেব?
কৃষি ও উদ্যানপালনে যুক্ত শ্রমিকদের জন্যও আলাদা হার ঠিক হয়েছে। A শ্রেণির এলাকায় অদক্ষ কৃষিশ্রমিকের দৈনিক মজুরি দাঁড়িয়েছে ৫৩৭ টাকা, যার মধ্যে মূল মজুরি ৩৩৩ টাকা আর VDA বাবদ ২০৪ টাকা। অতি দক্ষ কৃষিশ্রমিকের ক্ষেত্রে এই অঙ্ক পৌঁছেছে ৭০৫ টাকায়।
উৎসবের সময় কতটা কাজে আসবে?
পুজো ও দীপাবলির ঠিক আগে এই মজুরি বৃদ্ধি কার্যকর হওয়ায়, উৎসবের কেনাকাটা বা বোনাসের মরসুমে শ্রমিকদের হাতে বাড়তি নগদ টাকা আসবে। শ্রম বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত প্রান্তিক আয়ের মানুষদের জন্য উৎসবের আনন্দকে আরও কিছুটা সহজ করে তুলবে।
আরও পড়ুন: ৮ম বেতন কমিশন- বেসিকের সঙ্গে DA, HRA, TA যোগ হলে মোট বেতন কত দাঁড়াবে?
সব মিলিয়ে বলা যায়, নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্রমবর্ধমান দামের সঙ্গে তাল মিলিয়ে এই দ্বিবার্ষিক মজুরি সংশোধন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আর্থিক সুরক্ষা কিছুটা হলেও বজায় রাখতে সাহায্য করবে। নিজের কাজের ক্ষেত্র ও এলাকা অনুযায়ী ঠিক কত মজুরি প্রযোজ্য, তা শ্রম কমিশনারের দফতরের ওয়েবসাইট থেকে যাচাই করে নেওয়া যেতে পারে।
