জনকল্যাণ শিবিরের নতুন নাম ও নতুন রূপ — সেবা সেতু অভিযান (Seva Setu Abhiyan)। ২ থেকে ৪ অক্টোবর রাজ্যজুড়ে ৩,১০৪টি জায়গায় এই শিবির বসবে, যেখানে একই ছাদের তলায় কেন্দ্র ও রাজ্যের বহু প্রকল্পের আবেদন, নথি যাচাই, পরিষেবা এবং অভিযোগ জানানোর সুযোগ থাকছে। ছাত্র, কৃষক, শ্রমিক, মহিলা — সমাজের প্রায় সব অংশের মানুষই নিজের প্রয়োজন অনুযায়ী এই শিবিরে যেতে পারবেন।
সেবা সেতু অভিযান-এ মিলবে বিভিন্ন প্রকল্পের সুবিধা
সেবা সেতু অভিযানের অধীনে রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত জনকল্যাণ শিবিড়ে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
পড়াশোনা ও বৃত্তি সংক্রান্ত সুবিধা
স্কুল-কলেজের পড়ুয়াদের জন্য প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ, শিক্ষাশ্রী, মেধাশ্রী, তপশিলি বন্ধু এবং সংখ্যালঘু পড়ুয়াদের বৃত্তি নিয়ে কাজ হবে। এছাড়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড, উৎকর্ষ বাংলা ও রোজগার সেবা পোর্টালের পরিষেবাও এখানেই পাওয়া যাবে।
কৃষি, মৎস্য ও খাদ্য দফতরের প্রকল্পের সুবিধা
চাষিদের জন্য থাকছে পিএম-কিষান, কিষান ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড এবং কৃষি পরিকাঠামো তহবিল। মৎস্যজীবীদের জন্য পিএম মৎস্য কিষান সমৃদ্ধি প্রকল্প, আর খাদ্য সুরক্ষা সংক্রান্ত গরিব কল্যাণ অন্ন যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এবং উজ্জ্বলা যোজনার সুবিধাও মিলবে একই শিবিরে। ছোট খাদ্য ব্যবসা ও উদ্যানপালনের সঙ্গে যুক্তদের জন্য পিএমএফএমই ও এমআইডিএইচ প্রকল্পও তালিকায় রয়েছে।
ব্যাঙ্কিং, বিমা ও স্বনির্ভরতা সংক্রান্ত সুবিধা
আর্থিক পরিষেবার ক্ষেত্রে জনধন অ্যাকাউন্ট খোলা, জীবন জ্যোতি ও সুরক্ষা বিমা যোজনায় নাম লেখানো, অটল পেনশন যোজনা এবং মুদ্রা ঋণের আবেদন করা যাবে। ছোট ব্যবসায়ী ও কারিগরদের জন্য পিএম বিশ্বকর্মা, পিএমইজিপি, উদ্যম রেজিস্ট্রেশন আর স্বনির্ভর গোষ্ঠীর ঋণ সংযোগও এই শিবিরের আওতায়।
স্বাস্থ্য, বিদ্যুৎ ও দক্ষতা উন্নয়ন প্রকল্প
আয়ুষ্মান ভারত কার্ড তৈরি বা হালনাগাদ করা যাবে। বিদ্যুৎ সংক্রান্ত পিএম সূর্য ঘর যোজনা এবং শৌচালয় নির্মাণে স্বচ্ছ ভারত মিশনের সুবিধাও থাকছে। যুবদের জন্য ডিডিইউ-জিকেওয়াই, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ স্কিম ও প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের মতো দক্ষতা প্রশিক্ষণ প্রকল্পও থাকবে।
শ্রমিক, জমি ও পরিচয়পত্র সংক্রান্ত কাজ
ই-শ্রম কার্ড, শ্রম যোগী মানধন, পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা মিলবে। জমির মিউটেশন, ছোটখাটো সংশোধন ও পাট্টার আবেদনও করা যাবে। এছাড়া আধার নথিভুক্তি বা সংযুক্তি এবং নাগরিকত্ব সংশোধনী আইনে আবেদনের ব্যবস্থাও থাকছে।
মহিলা, শিশু ও আদিবাসী কল্যাণ প্রকল্প
অন্নপূর্ণা যোজনা, কন্যাশ্রী, বেটি বাঁচাও-বেটি পড়াও এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার পরিষেবা মিলবে এই শিবির থেকেই। আদিবাসী পড়ুয়াদের জন্য জয় জোহার এবং শহরাঞ্চলের গরিব পরিবারের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর) ও পিএম স্বনিধির সুযোগও রাখা হয়েছে।
সাথে কী কী নথি নিয়ে যাবেন?
আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ডের আসল ও জেরক্স কপি সঙ্গে রাখুন। প্রয়োজন হবে ব্যাঙ্ক পাসবই (অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি স্পষ্ট থাকা চাই), সাম্প্রতিক ছবি, এবং প্রয়োজনমতো জাতিগত শংসাপত্র বা শিক্ষাগত যোগ্যতার নথি। জমি সংক্রান্ত কাজে যাচ্ছেন যাঁরা, তাঁরা দলিল, পর্চা বা খতিয়ানও নিয়ে যান।
নিজের এলাকার কোথায় শিবির জানার উপায়
সরকারি পোর্টালে গিয়ে ‘লোকেট আ শিবির’ অপশনে জেলা, ব্লক ও গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড বেছে নিলেই নিজের এলাকার শিবিরের তারিখ ও ঠিকানা জানা যাবে।
আরও পড়ুন: বাড়িতে দুটো রান্নাঘর থাকলেই কি বন্ধ হবে অন্নপূর্ণার ৩০০০ টাকা, আসল বিষয় জানুন
সব মিলিয়ে, তিন দিনের মধ্যে প্রায় সব ধরনের সরকারি কাজ এক জায়গা থেকে সারার এটাই সবচেয়ে বড় সুযোগ। আগে থেকে নথি গুছিয়ে গেলে সময় বাঁচবে অনেকটাই।
