পুজোর শেষেই রাজ্যজুড়ে ৭০ দিনের শিবির শুরু! কী কী সুবিধা পাবেন জানুন

পুজোর আবহ কাটতেই রাজ্যের সাধারণ মানুষের জন্য বড় পদক্ষেপ নিল প্রশাসন। ব্যাঙ্কিং পরিষেবার বাইরে থাকা প্রান্তিক পরিবারগুলিকে মূল আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে এবং বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা এক ছাদের নিচে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গজুড়ে শুরু হয়েছে ৭০ দিনের মেগা ক্যাম্পেন। ‘ফিনান্সিয়াল ইনক্লুশন (এফআই) স্যাচুরেশন ক্যাম্পেন’ শীর্ষক এই কর্মসূচি গত ২১ অক্টোবর থেকে পুরোদমে শুরু হয়েছে এবং আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত একটানা চলবে।

কারা পরিচালনা করছে এই শিবির?

স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি (SLBC), পশ্চিমবঙ্গের সার্বিক সমন্বয়ে গোটা রাজ্যে এই বিশেষ শিবিরগুলি পরিচালিত হচ্ছে। এই মেগা ক্যাম্পেনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও গ্রামীণ ব্যাংক, জেলা প্রশাসন, লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার (LDM), সংশ্লিষ্ট পঞ্চায়েত ও পুরসভা কর্তৃপক্ষ। স্থানীয় স্তরে ওয়ার্ড ও ব্লকভিত্তিক ক্যাম্প বসিয়ে সাধারণ মানুষের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য।

কোন কোন প্রকল্পের সরাসরি সুবিধা মিলবে?

এই ৭০ দিনের বিশেষ কর্মসূচিতে সাধারণ নাগরিক ও কৃষকদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা মিলছে:

নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও কেওয়াইসি: এখনও পর্যন্ত যাঁদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁরা সম্পূর্ণ নিখরচায় প্রধানমন্ত্রী জনধন যোজনার (PMJDY) অধীনে নতুন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। পাশাপাশি পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের রি-কেওয়াইসি (Re-KYC) এবং প্রয়োজনীয় সংশোধন করা যাচ্ছে।

সামাজিক নিরাপত্তা ও বিমা: নামমাত্র খরচে অটল পেনশন যোজনা (APY), প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার (PMSBY) অধীনে নাম নথিভুক্তকরণের বিশেষ সুযোগ রয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কৃষকদের বিশেষ সুবিধা: কৃষকদের জন্য রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় (PMFBY) নাম নথিভুক্ত করার ব্যবস্থা। এছাড়া যোগ্য পিএম-কিষান উপভোক্তাদের স্বল্প সুদে কৃষি ঋণের জন্য কিষাণ ক্রেডিট কার্ডের (KCC) আবেদন গ্রহণ করা হচ্ছে।

সাইবার নিরাপত্তা ও জনজাতিদের অগ্রাধিকার: বিশেষ দুর্বল আদিবাসী গোষ্ঠীগুলি (PVTG) যাতে অবিলম্বে ব্যাঙ্কিং ও আর্থিক সুরক্ষার আওতায় আসতে পারে, সেদিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে। একইসঙ্গে অনলাইন আর্থিক প্রতারণা ঠেকাতে সাইবার সচেতনতা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে।

আরও পড়ুন: রাজ্যে আবার কবে বসবে সেবা সেতু ক্যাম্প? জানুন লেটেস্ট আপডেট

কীভাবে সুবিধা নেবেন?

যে সমস্ত নাগরিক এখনও পর্যন্ত কোনো সরকারি বিমা বা পেনশনের আওতায় আসেননি কিংবা ব্যাঙ্ক সংক্রান্ত নথিপত্র হালনাগাদ করা বাকি রয়েছে, তাঁরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিকটবর্তী পঞ্চায়েত, পুরসভা বা স্থানীয় ক্যাম্প কেন্দ্রে গিয়ে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। শিবিরে যাওয়ার সময় প্রয়োজনীয় পরিচয়পত্র, রঙিন ছবি ও ব্যাঙ্ক পাসবই সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment