উৎসবের মরশুমে রাজ্যবাসী যখন আনন্দে মেতে ওঠেন, তখন রাজপথে দাঁড়িয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত এক করে দায়িত্ব পালন করেন পুলিশ কর্মীরা। শারদোৎসবের দিনগুলিতে ভিড় সামলানো থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত তাঁদের করতে হয় একটানা অক্লান্ত পরিশ্রম। এবার সেই কর্তব্যরত পুলিশ কর্মীদের মুখে হাসি ফুটিয়ে বড় আর্থিক ঘোষণা করল রাজ্য সরকার। দুর্গাপুজো ও বিসর্জনের ডিউটিতে থাকা পুলিশ আধিকারিক ও কর্মীদের খাবারের নগদ ভাতা (Food Allowance) এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে।
পুলিশ কর্মীদের ভাতার পরিমাণ কতটা বাড়ল?
নবান্ন সূত্রে প্রকাশিত নতুন নির্দেশিকা অনুযায়ী, দুর্গাপুজো ও বিসর্জন সংক্রান্ত ডিউটিতে রান্না করা খাবারের পরিবর্তে যে নগদ অর্থ প্রদান করা হতো, সেই হারের বড়সড় সংশোধন করা হয়েছে:
৮ থেকে ১২ ঘণ্টার ডিউটি: আগে ৮ ঘণ্টার বেশি কিন্তু ১২ ঘণ্টার কম একটানা ডিউটি করলে মাথাপিছু নগদ খাবারের ভাতা দেওয়া হতো মাত্র ৪০ টাকা। নতুন নিয়মে তা বাড়িয়ে সরাসরি ১০০ টাকা করা হয়েছে।
১২ ঘণ্টার বেশি ডিউটি: ১২ ঘণ্টার বেশি সময় ধরে একটানা ডিউটি করলে আগে মাথাপিছু মিলত ৮০ টাকা। এবার তা একলাফে বাড়িয়ে করা হয়েছে ২০০ টাকা। অর্থাৎ টানা ডিউটির ক্ষেত্রে ভাতার পরিমাণ সোজা আড়াই গুণ বৃদ্ধি পেল।
কারা পাবেন এই বাড়তি ভাতা?
সরকারি নির্দেশিকা অনুযায়ী, দুর্গাপুজো এবং বিসর্জনের দিনগুলিতে রাস্তায় নেমে দীর্ঘক্ষণ একটানা ডিউটি করা কলকাতা পুলিশের কনস্টেবল থেকে শুরু করে সর্বোচ্চ অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ACP) পদমর্যাদা পর্যন্ত সমস্ত আধিকারিক ও কর্মীরা এই বর্ধিত নগদ ভাতার সুবিধা পাবেন।
তবে নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে যে, এই বিশেষ বর্ধিত হার কেবল দুর্গাপুজো ও বিসর্জনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্যান্য সাধারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বা অনুষ্ঠানের ক্ষেত্রে ২০১৭ সালের মূল নির্দেশিকার শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।
অ্যাকাউন্টে কবে ঢুকবে এই টাকা?
উৎসবের আবহে পুলিশ আধিকারিক ও কর্মীদের এই ভাতা বৃদ্ধির বিষয়ে প্রশাসনিক ছাড়পত্র দেওয়া হলেও, ভাতার টাকা বিল পাসের মাধ্যমে কবে সরাসরি কর্মীদের হাতে পৌঁছাবে তা নিয়ে খুব শীঘ্রই নির্দিষ্ট প্রশাসনিক বিজ্ঞপ্তি আসবে।
আরও পড়ুন: ৫% ডিএ বৃদ্ধি ও ১০,০০০ টাকা দেওয়ার বিরাট ঘোষণা, সরকারি কর্মীদের জন্য লটারি
তবে নবান্ন সূত্রের খবর, খুব দ্রুত সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের অ্যাকাউন্টে এই বর্ধিত ভাতার বকেয়া অর্থ পাঠিয়ে দেওয়া হবে। উৎসবের মরশুমে সরকারের এই ঘোষণায় পুলিশ মহলে আনন্দের আবহ তৈরি হয়েছে।
