দ্বাদশ শ্রেণির গণ্ডি পেরিয়ে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পা রাখা বহু মেধাবী পড়ুয়ার উচ্চশিক্ষার পথে বড় বাধা হয়ে দাঁড়ায় পরিবারের আর্থিক সংকট। অর্থনৈতিক অনটনের কারণে যাতে কোনো যোগ্য ছাত্রছাত্রীর পড়াশোনা মাঝপথে থমকে না যায়, সেই লক্ষ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগ চালু রেখেছে ‘প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা উৎসাহ’ বা পিএম-ইউএসপি (PM-USP Central Sector Scheme of Scholarship) প্রকল্প।
এই স্কলারশিপের মাধ্যমে যোগ্য পড়ুয়ারা স্নাতক, স্নাতকোত্তর ও পেশাদার কোর্সে পড়ার জন্য প্রতি বছর ১২ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত সরাসরি আর্থিক সহায়তা পেয়ে থাকেন। প্রতি বছর সারা দেশ থেকে মেধার ভিত্তিতে সর্বাধিক ৮২ হাজার নতুন পড়ুয়াকে এই বৃত্তি দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।
কোন কোর্সে কত টাকা পাওয়া যায়?
বিভিন্ন স্তরের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের অর্থ আলাদা হারে সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT) পাঠানো হয়:
সাধারণ স্নাতক স্তর (Graduation): কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রথম তিন বছর বার্ষিক ১২,০০০ টাকা করে দেওয়া হয়।
স্নাতকোত্তর স্তর (Post-Graduation): উচ্চশিক্ষার এই ধাপে প্রতি বছর ২০,০০০ টাকা করে আর্থিক সহায়তা মেলে।
পাঁচ বছরের প্রফেশনাল বা ইন্টিগ্রেটেড কোর্স: প্রথম তিন বছর বার্ষিক ১২,০০০ টাকা এবং চতুর্থ ও পঞ্চম বছরে প্রতি বছর ২০,০০০ টাকা করে পাওয়া যায়।
বি.টেক বা কারিগরি কোর্স (B.Tech/B.Engg): প্রযুক্তিগত ডিগ্রি পাঠ্যক্রমের প্রথম তিন বছর বার্ষিক ১২,০০০ টাকা এবং চতুর্থ বছরে ২০,০০০ টাকা প্রদান করা হয়।
আবেদনের আবশ্যিক যোগ্যতা ও শর্তাবলি
এই কেন্দ্রীয় স্কলারশিপ পেতে পড়ুয়াদের বেশ কয়েকটি নির্দিষ্ট মাপকাঠি পূরণ করতে হবে:
মেধার মাপকাঠি: দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় সংশ্লিষ্ট স্ট্রিমের সফল পরীক্ষার্থীদের মধ্যে শীর্ষ ৮০তম পার্সেন্টাইলের (80th Percentile) উপরে স্থান পেতে হবে।
কোর্সের ধরন: ইউজিসি (UGC), এআইসিটিই (AICTE) বা সরকারি নিয়ন্ত্রক সংস্থা দ্বারা স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত (Regular) ডিগ্রি কোর্সে ভর্তি হতে হবে। দূরশিক্ষা বা ডিপ্লোমা কোর্সের পড়ুয়ারা এর যোগ্য নন।
পারিবারিক আয়ের সীমা: পড়ুয়ার পরিবারের বার্ষিক মোট আয় সর্বোচ্চ ৪ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে হতে হবে।
অন্যান্য শর্ত: পড়ুয়া অন্য কোনো সরকারি স্কলারশিপ বা ফি মুকুব প্রকল্পের সুবিধাভোগী হলে এই অনুদান মিলবে না। এছাড়া পরবর্তী বছরগুলিতে রিনিউয়াল বা স্কলারশিপ সচল রাখতে বার্ষিক পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর এবং ক্লাসে ৭৫ শতাংশ উপস্থিতি থাকা বাধ্যতামূলক।
আবেদন করার পদ্ধতি
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বা এনএসপি (National Scholarship Portal –scholarships.gov.in)-এর মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হয়: ১. প্রথমে এনএসপি পোর্টালে গিয়ে আধার ভেরিফিকেশনের মাধ্যমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন (OTR) সম্পন্ন করতে হবে।
২. ওটিআর নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘PM-USP CSSS’ স্কলারশিপের আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
আরও পড়ুন: ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ একদম ফ্রি, দ্রুত আবেদন করুন এই প্রকল্পে
৩. দ্বাদশ শ্রেণির মার্কশিট, পারিবারিক আয়ের শংসাপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে জাতিগত প্রমাণপত্র আপলোড করে চূড়ান্ত সাবমিট করতে হবে।
