রাজ্যে আবাস যোজনায় (Awas Yojana) দুর্নীতি এবং স্বজনপোষণ রুখতে এবার রীতিমতো কড়া অবস্থান নিল বর্তমান রাজ্য সরকার। বিগত সরকারের আমলে যাঁরা বেআইনিভাবে বা নিয়ম বহির্ভূতভাবে আবাস যোজনার সরকারি অনুদান নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছিলেন, তাঁদের অবিলম্বে সেই টাকা ফেরত দেওয়ার ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই সরকারি অর্থ ফেরত না দিলে চরম আইনি ব্যবস্থার মুখে পড়তে হবে বলে নবান্ন থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
৫৭ হাজার ভুয়ো উপভোক্তার জন্য কঠোর পদক্ষেপ
সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে আবাস যোজনার সুবিধাভোগীদের নামের তালিকা ধরে একটি কড়া ভেরিফিকেশন বা ক্ষেত্রসমীক্ষা চালানো হয়। আর সেখানেই উঠে আসে চাঞ্চল্যকর এক মেগা দুর্নীতির তথ্য।
শুক্রবার নবান্নে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান অনুষ্ঠানে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, তদন্তে সারা রাজ্য জুড়ে মোট ৫৭ হাজার ভুয়ো বা সম্পূর্ণ অযোগ্য প্রাপকের খোঁজ পাওয়া গিয়েছে। এই ৫৭ হাজার ভুয়ো অ্যাকাউন্টে কীভাবে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পৌঁছল, তার তদন্তের জন্য রাজ্য সরকার একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করতে চলেছে।
প্রয়োজনে সিআইডিকে (CID) দিয়েও এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করানো হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। শুধু তাই নয়, যে সমস্ত স্তরের সরকারি আধিকারিকরা গাফিলতি করে বা ইচ্ছাকৃতভাবে এই ভুয়ো নামগুলি সুপারিশ করেছিলেন, তাঁদের বিরুদ্ধেও কড়া বিভাগীয় পদক্ষেপ (Departmental action) নেবে সরকার।
১২ হাজার অযোগ্য প্রাপককে টাকা ফেরতের কড়া নির্দেশ
মুখ্যমন্ত্রী আরও জানান, যাচাই পর্বে আরও ১২ হাজার অযোগ্য প্রাপককে চিহ্নিত করা হয়েছে, যাঁরা নিয়ম ভেঙে ইতিমধ্যেই সরকারি প্রকল্পের টাকা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন। এই ১২ হাজার উপভোক্তাকে যেকোনো মূল্যে সরকারি অর্থ ফেরত দিতে হবে। প্রশাসনের কড়া নির্দেশের পর ইতিমধ্যেই ১ হাজার জন উপভোক্তা সরকারের কাছে সেই টাকা ফিরিয়ে দিয়েছেন।
বাকি ১১ হাজার জনের জন্যডেডলাইন: ৩০ নভেম্বর
তবে এখনও ১১ হাজার অযোগ্য উপভোক্তা টাকা ফেরত দেননি। তাঁদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, বাকি ১১ হাজার উপভোক্তাকে অবিলম্বে টাকা ফেরত দিয়ে আইনি জটিলতা থেকে নিজেদের মুক্ত করতে হবে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই টাকা সরকারি তহবিলে জমা না করলে তাঁদের বিরুদ্ধে সরাসরি কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ২৪-২৬ তারিখে শুরু হচ্ছে যুবশক্তির আবেদন? কী কী রেডি রাখবেন দেখুন
সরকারের স্পষ্ট বক্তব্য, কোনো ধর্ম বা বর্ণের ভিত্তিতে নয়, শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই সরকারি সুবিধা দেওয়া হবে। যাঁরা যোগ্য প্রাপক নন, তাঁদের হাতে কোনোভাবেই সাধারণ মানুষের করের টাকা থাকতে দেওয়া হবে না। প্রকৃত গরিব ও যোগ্য মানুষরাই যাতে নিজেদের মাথা গোঁজার ঠাঁই তৈরি করতে পারেন, তা নিশ্চিত করতেই রাজ্য প্রশাসনের এই কড়া পদক্ষেপ।
