রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে বর্তমান সরকারের সবচেয়ে জনপ্রিয় সামাজিক প্রকল্প হলো ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana)। তবে এখনও পর্যন্ত রাজ্যের বহু মহিলা অভিযোগ করছেন যে, তাঁরা এই প্রকল্পের টাকা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি। মহিলাদের এই দুশ্চিন্তা দূর করতে এবার সরাসরি মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যাঁরা সত্যিই এই প্রকল্পের যোগ্য, তাঁদের একজনও বাদ যাবেন না; প্রত্যেকেই টাকা পাবেন।
১ কোটি ৫৬ লক্ষ মহিলা পাচ্ছেন টাকা
সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে নতুন সরকার আসার পর গত জুন মাস থেকে এই অন্নপূর্ণা যোজনা পুরোদমে শুরু হয়েছে। বর্তমানে রাজ্যের প্রায় ১ কোটি ৫৬ লক্ষ মহিলা প্রতি মাসে এই প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছেন।
আগের সরকারের সাথে তুলনা টেনে তিনি বলেন, “এর আগের সরকার যখন প্রথম এই প্রকল্প শুরু করেছিল, তখন মাত্র ১ কোটি ৫১ লক্ষ মহিলা টাকা পেতেন। আমরা ইতিমধ্যেই সেই সংখ্যাটা বাড়িয়ে ১ কোটি ৫৬ লক্ষ করেছি। যদি রাজ্যে আরও ১০ লক্ষ যোগ্য মহিলা থাকেন, তবে তাঁরাও অবশ্যই এই টাকা পাবেন।”
অযোগ্যদের জন্য কড়া বার্তা
যাঁরা যোগ্য, তাঁদের আশ্বস্ত করার পাশাপাশি অযোগ্যদের জন্য এদিন কড়া বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র আসল নথিপত্র থাকা যোগ্য মহিলারাই এই সরকারি অনুদান পাবেন। তিনি বলেন, “আমি কোনো বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীকে রাজ্যের বার্ধক্য ভাতা বা অন্নপূর্ণা যোজনার টাকা দিতে পারি না।” অর্থাৎ, ভোটার কার্ড, আধার কার্ড এবং সঠিক ঠিকানার প্রমাণ থাকলেই তবেই মিলবে এই আর্থিক সাহায্য।
কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা?
সাধারণ মানুষের মনে প্রায়শই প্রশ্ন থাকে, প্রতি মাসে ঠিক কবে অ্যাকাউন্টে টাকা আসে? এই বিভ্রান্তি দূর করে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন যে, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সমস্ত যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে।
আরও পড়ুন: ৩০ নভেম্বরের মধ্যেই ফেরাতে হবে টাকা! ভুয়ো উপভোক্তাদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
কীভাবে নতুন করে আবেদন করা যাবে?
যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারেননি বা যাঁদের নাম কোনো কারণে আটকে রয়েছে, তাঁদের খুব শীঘ্রই নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হবে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, বিভিন্ন এলাকায় আয়োজিত আসন্ন ‘সেবা সেতু’ ক্যাম্পগুলিতে গিয়ে মহিলারা নতুন করে অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দিতে পারবেন। আবেদন করার জন্য আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাঙ্কের পাসবইয়ের পরিষ্কার জেরক্স হাতের কাছে গুছিয়ে রাখতে বলা হচ্ছে।
