দেশে কালো টাকা এবং দুর্নীতির জাল ভাঙতে ফের বড়সড় পদক্ষেপের দাবি তুললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা এনডিএ (NDA) জোটের অন্যতম প্রধান শরিক এন চন্দ্রবাবু নায়ডু। ২০১৬ সালের নোটবন্দির পর এবার তিনি বাজারে থাকা ৫০০ টাকার নোট পুরোপুরি নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন।
তাঁর মতে, বড় অঙ্কের কাগুজে নোট থাকলে সমাজে দুর্নীতি ও অস্বচ্ছতা রোখা কঠিন হয়ে পড়ে। তাই দুর্নীতি বন্ধ করতে ৫০০ টাকা ও ২০০০ টাকার নোট চিরতরে বাতিল করে দিয়ে ডিজিটাল লেনদেনকে বাধ্যতামূলক করা উচিত।
৫০০ টাকার নোট নিয়ে চন্দ্রবাবু নায়ডুর দাবি কী?
নোট বাতিলের ১০ বছর পর দাঁড়িয়ে তেলুগু দেশম পার্টি (TDP) প্রধান চন্দ্রবাবু নায়ডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এক গুরুত্বপূর্ণ আবেদন জানিয়েছেন। তাঁর স্পষ্ট বক্তব্য:
বাজার থেকে ৫০০ টাকা এবং ২০০০ টাকার মতো বড় অঙ্কের সমস্ত কাগুজে নোট পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হোক।
সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার জন্য শুধুমাত্র ১০০ টাকা এবং ২০০ টাকার নোট বাজারে রাখা হোক।
বড় অঙ্কের যাবতীয় লেনদেন বাধ্যতামূলকভাবে ডিজিটাল মাধ্যম বা ‘ডিজিটাল কারেন্সি’র মাধ্যমে পরিচালনা করা হোক।
চন্দ্রবাবু নায়ডুর দাবি, ডিজিটাল আর্থিক ব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর শাসনই হলো দেশের ভবিষ্যৎ। সঠিক প্রযুক্তির প্রয়োগ করতে পারলে একদিকে যেমন দুর্নীতি ঠেকানো সম্ভব, তেমনই দেশের সম্পদ বৃদ্ধি ও দারিদ্র দূরীকরণের প্রক্রিয়াও দ্রুত গতি পাবে।
কেন এই দাবি?
উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর কালো টাকা এবং জাল নোটের কারবার ঠেকাতে দেশজুড়ে পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তীতে রিজার্ভ ব্যাঙ্ক নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট চালু করে।
২০২৩ সালে আরবিআই ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিলেও এখনও পর্যন্ত তা নির্দিষ্ট ব্যাংকিং নিয়মে বৈধ রয়েছে। কিন্তু চন্দ্রবাবু নায়ডুর দাবি, বড় অঙ্কের নোট বাজারে থাকলে তা গোপনে জমা করে দুর্নীতির সাম্রাজ্য গড়ে তোলা সহজ হয়। ছোট নোট এবং ডিজিটাল ব্যবস্থা চালু থাকলে অস্বচ্ছ লেনদেন পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে।
আরও পড়ুন: অনেকের অন্নপূর্ণা যোজনায় দেখাচ্ছে ‘Hold Up Application’ স্ট্যাটাস! তাহলে কি ৩০০০ টাকা ঢুকবে না?
প্রধানমন্ত্রীকে পাঠানো ডিজিটাল কারেন্সি সংক্রান্ত বিশেষ রিপোর্টেও এই প্রস্তাব তিনি ইতিপূর্বে উল্লেখ করেছিলেন বলে জানান। এখন জোট সরকারের অন্যতম শরিকের এই প্রস্তাবের পর কেন্দ্রীয় সরকার বা রিজার্ভ ব্যাঙ্ক কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে গোটা দেশের অর্থনীতিবিদ ও সাধারণ মানুষ।
