আধার কার্ড দিয়ে আর কাজ হবে না! এখন সরকারি প্রকল্পের টাকা পেতে এইগুলি লাগবে

সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার নিয়মে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল কেন্দ্র সরকার। এতদিন সরকারি প্রকল্পের অনুদান পেতে আধার কার্ডই ছিল একমাত্র মূল ভরসা। কিন্তু এবার সেই নিয়মে বড় বদল আসতে চলেছে।

কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিংহ স্পষ্ট জানিয়েছেন, জনকল্যাণমূলক প্রকল্পে সুবিধাভোগীদের শনাক্ত করার ক্ষেত্রে আধার কার্ড আর মূল নথি হিসেবে গ্রাহ্য হবে না। বদলে এবার থেকে বাধ্যতামূলক করা হচ্ছে ভোটার কার্ড (Voter ID) এবং বায়োমেট্রিক যাচাইকরণ।

সিকিমের গ্যাংটকে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী এই চাঞ্চল্যকর মন্তব্য করেন। পঞ্চায়েতি রাজ মন্ত্রকের অধীনস্থ যাবতীয় জনকল্যাণমূলক প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর করার পরিকল্পনা চলছে।

কেন বাদ দেওয়া হচ্ছে আধার কার্ড?

কেন্দ্রীয় মন্ত্রীর মতে, আধার কার্ড খুব সহজেই তৈরি করা সম্ভব হওয়ায় জালিয়াতির ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “আজকাল রাস্তার মোড়ে মোড়ে পাঁচ মিনিটে আধার কার্ড তৈরি করে নেওয়া যায়। এর ফলে প্রচুর ভুয়ো সুবিধাভোগী তৈরি হচ্ছে এবং সরকারি প্রকল্পের টাকা ভুল হাতে চলে যাওয়ার আশঙ্কা থাকছে।” আধার কার্ডে সুবিধাভোগী শনাক্তকরণের প্রক্রিয়া সুরক্ষিত নয় বলেই ভোটার কার্ডের ওপর জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি টাকা পেতে কী কী লাগবে?

নতুন নিয়মে সরকারি সাহায্য সরাসরি হাতে পেতে দুটি বিষয় বাধ্যতামূলক হতে চলেছে:

  • ভোটার কার্ড (EPIC): সুবিধাভোগীর নাম ও পরিচয় নিশ্চিত করতে ভোটার পরিচয়পত্রের নম্বর প্রয়োজন হবে।

  • বায়োমেট্রিক অথেন্টিকেশন: শুধুমাত্র কার্ড দেখালেই চলবে না, আঙুলের ছাপ বা চোখের মণি স্ক্যান করে বায়োমেট্রিক যাচাই সম্পূর্ণ করতে হবে।

এই দুই তথ্য যাচাইয়ের পরই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পের অর্থ পাঠানো হবে। মন্ত্রীর দাবি, এই পরিবর্তনের ফলে তালিকায় থাকা সমস্ত ভুয়ো নাম চিরতরে বাদ পড়বে এবং শুধুমাত্র প্রকৃত ‘যোগ্য’ মানুষেরাই সরকারি অনুদানের সুবিধা পাবেন। এতে গোটা ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: নভেম্বরে অন্নপূর্ণার ৩০০০ টাকা তো ঢুকবেই, কিন্তু তার আগে বিশেষ ঘোষণা মন্ত্রীর

যদিও সরকারের তরফে এখনও এই সংক্রান্ত আনুষ্ঠানিক সরকারি নির্দেশিকা বা গেজেট নোটিফিকেশন জারি করা হয়নি, তবে মন্ত্রীর এই বক্তব্যে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Comment