১৭ সেপ্টেম্বর থেকে রাজ্যের প্রায় প্রায় ১ কোটি ৬০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাঠানো শুরু হলেও, সবার কপালে একসাথে সেই টাকা জোটেনি। ফলে হাওড়ার সাঁকরাইল, আমতা-২, উদয়নারায়ণপুরের মতো এলাকায় টাকা না পাওয়ার অভিযোগে রাস্তায় নেমেছেন বহু মহিলা।
শুধু আমতা-২ ব্লকেই প্রায় ১১ হাজার জন এখনও টাকা পাননি বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। তবে টাকা না আসার কারণ বুঝতে হলে সবার আগে দেখতে হবে পোর্টালে আপনার আবেদনের Status-এ ঠিক কী লেখা আছে।
স্ট্যাটাসে Approved আছে, কিন্তু টাকা ঢোকেনি কী করবেন?
অনেকের ক্ষেত্রেই স্ট্যাটাস ‘Approved’ দেখাচ্ছে, অথচ অ্যাকাউন্টে টাকা নেই। এই পরিস্থিতি সবচেয়ে বেশি বিভ্রান্তিকর। আসলে অনুমোদন হয়ে যাওয়া মানেই সঙ্গে সঙ্গে টাকা ঢুকে যাওয়া নয় — Aadhaar-এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগ ঠিক আছে কিনা, DBT ব্যবস্থা সক্রিয় আছে কিনা এবং অ্যাকাউন্টের তথ্য আবেদনের সঙ্গে মিলছে কিনা — এসবও ঠিক থাকা জরুরি। এর মধ্যে কোথাও গণ্ডগোল থাকলেই টাকা আটকে যায়।
Under Process মানেই আবেদন বাতিল নয়
‘Under Process’ বা প্রক্রিয়াধীন দেখালে এখনই ভেঙে পড়ার কিছু নেই — এর মানে যাচাইপর্ব এখনও চলছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উদয়নারায়ণপুরে টাকা না পাওয়া বহু মহিলার আবেদনও এই একই স্ট্যাটাসে আটকে ছিল, যার নেপথ্যে তথ্যের গরমিল বা DBT সংক্রান্ত সমস্যাই দায়ী ছিল বলে প্রশাসন জানিয়েছে।
অন্নপূর্ণার আবেদন Rejected হলে কী করবেন?
সরকারি হিসেবে গত মাসে প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল হয়েছিল, যার মধ্যে প্রায় ১০ লক্ষ ক্ষেত্রেই কারণ ছিল Aadhaar-এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগ না থাকা। বাকি ক্ষেত্রে সরকারি চাকরি বা আয়কর সংক্রান্ত যোগ্যতার সমস্যাও ছিল। তবে বাতিল হওয়া মানেই সব শেষ নয় — Aadhaar বা ব্যাঙ্ক সংক্রান্ত সমস্যা মিটিয়ে ফের আবেদনের সুযোগ থাকছে। এজন্য BDO-দের ব্যাঙ্কের সঙ্গে সমন্বয় করে বিশেষ শিবির আয়োজনের নির্দেশও দেওয়া হয়েছে।
অন্নপূর্ণা ভান্ডার-এর ৩০০০ টাকা না পেলে কী করবেন? ধাপে ধাপে দেখুন
- সমস্যা মেটাতে প্রথমে অন্নপূর্ণা ভান্ডার এর Status যাচাই করুন।
- ‘Under Process’ হলে স্থানীয় BDO অফিসে যোগাযোগ করুন।
- ‘Approved’ অথচ টাকা না এলে ব্যাঙ্কে গিয়ে Aadhaar linking ও DBT যাচাই করুন।
- ‘Rejected’ হলে বাতিলের কারণ বুঝে সেটা আগে সংশোধন করুন।
এতেও সমাধান না হলে রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর ৮২৮২০৮২৮২০-এ (সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা, কর্মদিবসে) বা asap@wb.gov.in ইমেলে অভিযোগ জানাতে পারেন। অভিযোগের সময় আবেদন সংক্রান্ত তথ্য, Aadhaar ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং Status-এর স্ক্রিনশট সঙ্গে রাখলে সমস্যাটা দ্রুত বোঝানো সহজ হবে।
আরও পড়ুন: অন্নপূর্ণা থেকে যুবশক্তি প্রকল্প- সব সমস্যার সমাধান সেবা সেতু ক্যাম্পে, কোথায় ও কবে বসবে?
সব মিলিয়ে বলা যায়, টাকা না এলেই ছোটাছুটি না করে আগে Status বুঝে সঠিক পথে এগোনোটাই এখন সবচেয়ে জরুরি।
