অন্নপূর্ণা থেকে যুবশক্তি প্রকল্প- সব সমস্যার সমাধান সেবা সেতু ক্যাম্পে, কোথায় ও কবে বসবে?

সরকারি প্রকল্পে আবেদন করেও সুবিধা না পাওয়া, বা আবেদন করতে গিয়ে নানা রকম সমস্যায় পড়া — এই অভিযোগ প্রায়ই শোনা যায় সাধারণ মানুষের মুখে। এবার এই সমস্যার সমাধানে রাজ্য প্রশাসন নিয়ে আসছে নতুন কর্মসূচি — ‘সেবা সেতু ক্যাম্প’ (Seba Setu Camp)। আগে ‘দুয়ারে সরকার’ বা ‘জনকল্যাণ শিবির’-এর মাধ্যমে যেভাবে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছিল, এবার সেই ধারাবাহিকতাতেই আসছে এই নতুন উদ্যোগ।

কবে থেকে এবং কোথায় বসবে সেবা সেতু ক্যাম্প?

নবান্নের নির্দেশ অনুযায়ী, ২ থেকে ৪ অক্টোবর — টানা তিন দিন ধরে চলবে এই বিশেষ শিবির। তবে সবার জন্য জায়গা একরকম হবে না। গ্রামের বাসিন্দাদের যেতে হবে নিজেদের ব্লক বা BDO অফিসে, পুরসভা এলাকার মানুষের জন্য থাকবে মিউনিসিপ্যালিটি অফিস, আর কর্পোরেশন এলাকার বাসিন্দারা পরিষেবা পাবেন নিজেদের সংশ্লিষ্ট কর্পোরেশন দফতরে গিয়ে।

কী সুবিধা মিলবে?

এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো, প্রকল্প সংক্রান্ত আটকে থাকা কাজগুলো দ্রুত মিটিয়ে ফেলা। কেউ যদি আগে কোনও প্রকল্পে আবেদন করেও সুবিধা না পেয়ে থাকেন, সেটা সরাসরি প্রশাসনের নজরে আনার সুযোগ মিলবে। আবার যাঁরা এখনও আবেদনই করেননি, তাঁরাও নতুন করে আবেদনের সহায়তা পেতে পারেন এখান থেকে।

অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য এই ক্যাম্প বিশেষভাবে কাজে আসতে পারে। ১৭ সেপ্টেম্বর টাকা ঢোকার কথা থাকলেও যাঁদের অ্যাকাউন্টে এখনও তা পৌঁছয়নি, বা স্ট্যাটাসে দীর্ঘদিন কোনও আপডেট নেই, তাঁরা এই শিবিরে গিয়ে সমস্যাটা প্রশাসনকে জানাতে পারবেন। একইভাবে বার্ধক্য ভাতা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার মতো সামাজিক সুরক্ষা প্রকল্পেও সাহায্য মিলবে এই ক্যাম্প থেকে।

কোন কোন প্রকল্প থাকছে তালিকায়?

শুধু রাজ্যের প্রকল্পই নয়, কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পও এই উদ্যোগের আওতায় আনা হচ্ছে। কৃষকবন্ধু ও PM-KISAN-এর মতো কৃষি সংক্রান্ত প্রকল্প, প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা, PM বিশ্বকর্মা, মুদ্রা ঋণ, আবাসন, স্বাস্থ্য পরিষেবা, শ্রম ও কর্মসংস্থান সংক্রান্ত নানা প্রকল্প — সব মিলিয়ে বিস্তৃত পরিধির পরিষেবা মিলবে একই জায়গা থেকে।

আরও পড়ুন: বন্ধ হতে পারে অন্নপূর্ণার ৩০০০ টাকা ও অন্যান্য প্রকল্পের সুবিধা, কড়া নিয়ম আনলো রাজ্য সরকার

অর্থাৎ, ভাতা হোক বা আর্থিক সহায়তা, কিংবা অন্য কোনও সরকারি পরিষেবা নিয়ে জটিলতা — সবকিছুর সমাধান খোঁজার একটাই ঠিকানা হয়ে উঠতে পারে এই সেবা সেতু ক্যাম্প। যাঁরা দীর্ঘদিন ধরে কোনও প্রকল্প নিয়ে সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য অক্টোবরের এই তিনদিন হতে পারে বড় সুযোগ।

Leave a Comment