রাজ্যের জমি নীতি ও নগরায়নের ক্ষেত্রে বড়সড় বদল আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রায় ৫০ বছরের পুরনো ১৯৭৬ সালের ‘আর্বান ল্যান্ড সিলিং অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট’ (Urban Land Ceiling and Regulation Act) তুলে দেওয়ার সিদ্ধান্তে সায় দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বিধানসভার শীতকালীন অধিবেশনে এই আইন বাতিলের জন্য একটি ‘রিপিল বিল’ পেশ করা হবে। শিল্প ও আবাসন ক্ষেত্রে বড় বিনিয়োগ টানতেই নবান্নের এই উদ্যোগ।
৫০ বছরের পুরনো জমির আইনটা কী?
১৯৭৬ সালে চালু হওয়া এই আইনে শহরের ফাঁকা জমি রাখার সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছিল:
কলকাতা ও পার্শ্ববর্তী শহরাঞ্চলে (হাওড়াসহ) কোনো ব্যক্তি, পরিবার বা সংস্থা সর্বাধিক ৫০০ বর্গমিটার (প্রায় সাড়ে সাত কাঠা) ফাঁকা জমি নিজের নামে রাখতে পারতেন।
আসানসোল ও দুর্গাপুর শহরাঞ্চলের ক্ষেত্রে এই সর্বোচ্চ সীমা ছিল ২,০০০ বর্গমিটার।
নির্ধারিত এই সীমার চেয়ে বেশি ফাঁকা জমি থাকলে অতিরিক্ত অংশ সরকার অধিগ্রহণ করতে পারত।
কেন এখন এই আইন তুলে দেওয়া হচ্ছে?
১৯৯৯ সালে কেন্দ্রীয় সরকার এই আইন প্রত্যাহারের জন্য পৃথক আইন তৈরি করে এবং দেশের অধিকাংশ রাজ্য তা মেনে নেয়। কিন্তু পশ্চিমবঙ্গে পূর্ববর্তী বামফ্রন্ট ও তৃণমূল সরকারের আমলে আইনটি বাতিল করা হয়নি। দীর্ঘদিন ধরেই রিয়েল এস্টেট সংস্থা ও শিল্পপতিদের অভিযোগ ছিল, জমির ওপর এই আইনি কড়াকড়ির কারণে শহরাঞ্চলে বড় কারখানা বা বহুতল আবাসন প্রকল্প গড়তে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। সম্প্রতি নবান্নে শিল্প প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও বিষয়টি জোরালোভাবে উঠে আসে। বিনিয়োগকারীদের সেই দাবি বিবেচনা করেই আইন প্রত্যাহারের পথে হাঁটল রাজ্য মন্ত্রিসভা।
এখনই কি সব নিয়ম উঠে গেল?
নতুন এই সিদ্ধান্ত নিয়ে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষের জেনে রাখা জরুরি:
কেন্দ্রের অনুমোদন বাধ্যতামূলক: বিধানসভার শীতকালীন অধিবেশনে বিলটি পাশ হলেই পুরনো আইন সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে না। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, এর জন্য কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সম্মতি প্রয়োজন। দিল্লির অনুমোদন না মেলা পর্যন্ত পুরনো বিধান মেনেই কাজ চলবে।
অন্যান্য জমি আইন বহাল থাকছে: ১৯৭৬ সালের আইন বাতিল হলেও রাজ্যের অন্য জমি আইনগুলো নিজে থেকে উঠে যাবে না। কলকাতা পুরনিগমের ১ থেকে ১০০ নম্বর ওয়ার্ডের বাইরের এলাকায় ১৯৫৫ সালের পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আইনের ১৪এম ধারা অনুযায়ী জমি রাখার সর্বোচ্চ সীমা নির্ধারিত রয়েছে।
আরও পড়ুন: সরকারি অফিসে হাজিরা খাতায় সইয়ের দিন শেষ! ১ ডিসেম্বর থেকে আসছে নতুন নিয়ম
তবুও প্রশাসনিক ও শিল্পমহলের আশা, এই আইন পুরোপুরি বাতিল হলে শহরাঞ্চলে জমির জোগান বাড়বে, আইনি জটিলতা কমবে এবং রাজ্যে আবাসন ও শিল্পক্ষেত্রে নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি হবে।
