সরকারি অফিসে হাজিরা খাতায় সইয়ের দিন শেষ! ১ ডিসেম্বর থেকে আসছে নতুন নিয়ম

সরকারি অফিসে গিয়ে আর খাতায় সই করে উপস্থিতি জানানোর সুযোগ থাকছে না। এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য চালু হতে চলেছে মোবাইল অ্যাপ-ভিত্তিক ‘ফেসিয়াল রেকগনিশন বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম’ (FRBAS)। আগামী ১ ডিসেম্বর থেকে এই নতুন ডিজিটাল ব্যবস্থা বাধ্যতামূলক করা হচ্ছে। একই সঙ্গে ওই দিন থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে প্রচলিত ম্যানুয়াল হাজিরা খাতা।

কোন দপ্তরের কর্মীদের জন্য এই নির্দেশ?

গত ১৮ নভেম্বর জারি করা একটি সরকারি নির্দেশিকায় এই নতুন নিয়মের কথা স্পষ্ট জানানো হয়েছে। তবে এখনই রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে নয়, আপাতত কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের অধীনস্থ সমস্ত আধিকারিক ও কর্মীর ক্ষেত্রে এটি চালু হচ্ছে। নির্দেশিকা অনুযায়ী:

  • শুধু দপ্তরের সদর কার্যালয় নয়, এর অধীনস্থ সমস্ত ডিরেক্টরেট এবং স্বশাসিত সংস্থাকেও দ্রুত এই ব্যবস্থা কার্যকর করতে বলা হয়েছে।

  • রাজ্য, আঞ্চলিক এবং জেলা স্তরের অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অশিক্ষক—সব স্তরের কর্মীদেরই এই নতুন হাজিরা ব্যবস্থার আওতায় আনা হচ্ছে।

  • নির্দিষ্ট সময়ের আগেই সমস্ত কর্মীর ‘অনবোর্ডিং’ বা নাম নথিভুক্তির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নিয়মে কী কী বদল আসছে?

১ ডিসেম্বর থেকে দৈনিক হাজিরা দেওয়ার জন্য অফিসে আর কোনো কাগজের রেজিস্টার বা ম্যানুয়াল খাতা রাখা যাবে না। কর্মীদের নির্ধারিত মোবাইল অ্যাপের মাধ্যমে মুখ শনাক্তকরণ (Face Scan) করে প্রতিদিন অফিসে উপস্থিতি নথিভুক্ত করতে হবে।

নতুন এই ডিজিটাল ব্যবস্থায় কেবল কর্মীর উপস্থিতি বা অনুপস্থিতির হিসাবই থাকবে না। এর মাধ্যমে কর্মীদের দেরিতে অফিসে আসা, ছুটি নেওয়া এবং চাকরি সংক্রান্ত অন্যান্য বিষয়ের ওপরও নজরদারি ও মূল্যায়ন করা হবে। অর্থাৎ, আগামী দিনে কর্মীদের পরিষেবা সংক্রান্ত মূল্যায়নে এই ডিজিটাল রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পাশাপাশি, অ্যাপের মাধ্যমে হাজিরা দিতে গিয়ে কোনো কর্মী যদি প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েন, তবে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনায় পাবেন ৫ লক্ষ টাকার সুবিধা! e-KYC করতে রেডি রাখুন এইসব ডকুমেন্ট

কেন এই বড় পদক্ষেপ?

এর আগে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্নে সরকারি কর্মীদের জন্য ফেসিয়াল রেকগনিশন বায়োমেট্রিক হাজিরা চালু করা হয়েছিল। এবার ধাপে ধাপে অন্যান্য দপ্তরেও একই পথে হাঁটছে প্রশাসন। প্রশাসনিক মহলের মতে, সরকারি অফিসগুলোতে সময়ানুবর্তিতা বজায় রাখা এবং হাজিরা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment