পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য চালু হওয়া ‘ভরসা’ (যুবশক্তি) প্রকল্প নিয়ে এবার পূর্ণাঙ্গ সরকারি বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের কথা জানিয়েছিলেন, আর বুধবার এর খুঁটিনাটি নিয়ম ও শর্তাবলি প্রকাশ করা হলো।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্পে স্নাতক (গ্র্যাজুয়েট) ও সরকারি আইটিআই/ভোকেশনাল ডিপ্লোমাধারী বেকাররা মাসে ২,০০০ টাকা এবং নন-গ্র্যাজুয়েটরা মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন। আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে এই ভাতা চালু হবে এবং যোগ্যরা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য পাবেন।
কারা ‘ভরসা’ প্রকল্পে আবেদন করতে পারবেন?
সরকারি বিজ্ঞপ্তিতে যোগ্যতার শর্তগুলো স্পষ্ট করে দেওয়া হয়েছে:
স্থায়ী বাসিন্দা ও বয়স: আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ২০২৭ সালের ১ জানুয়ারি অনুযায়ী তাঁর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: অন্তত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ (নন-গ্র্যাজুয়েট/আন্ডার-গ্র্যাজুয়েট) অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
কর্মসংস্থান: আবেদনকারী কোনো সরকারি বা বেসরকারি চাকরিতে যুক্ত থাকতে পারবেন না এবং স্বনিযুক্তও হওয়া চলবে না।
পরিবার পিছু সীমা: একই পরিবার থেকে সর্বোচ্চ ২ জন এই প্রকল্পের সুবিধা পাবেন।
অন্যান্য ভাতা: অন্নপূর্ণা যোজনা বা রাজ্যের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগীরা এতে আবেদন করতে পারবেন না। তবে ‘মানবিক পেনশন’-এর মতো দিব্যাঙ্গজনদের পেনশন প্রাপকরা এই প্রকল্পের টাকা পাবেন।
ভোটার তালিকা ও সিএএ শর্ত: এসআইআর (SIR) ২০২৬-এর পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকতে হবে। এ ছাড়া যাঁদের মামলা এসআইআর অ্যাপেলেট ট্রাইব্যুনালে বিচারাধীন অথবা সিএএ (CAA)-র অধীনে আবেদন বিচারাধীন, তাঁরাও যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
আবেদন ও যাচাইয়ের পদ্ধতি কী?
নতুন আবেদনকারীরা রাজ্য সরকারের ‘আপনার সরকার আপনার পাশে’ ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন। জমা পড়া আবেদনগুলো প্রথমে খতিয়ে দেখা হবে এবং প্রতিটি তথ্য সরেজমিনে যাচাই (Field Verification) করা হবে। যাচাই পর্ব মিটে যাওয়ার পর নির্ধারিত আধিকারিকরা যোগ্যদের তালিকা সুপারিশ করবেন এবং সেই তথ্য ‘ভরসা’ প্রকল্পের মূল তথ্যভাণ্ডারে যুক্ত করা হবে।
আরও পড়ুন: ‘আধার হোম সার্ভিস’ শুরু করেছে UIDAI! কারা পাবেন এই সুবিধা ও কত টাকা লাগবে?
কাদের টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে?
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভুলবশত কোনো অযোগ্য ব্যক্তির আবেদন মঞ্জুর হয়ে গেলে অথবা ভাতা চালু হওয়ার পর কেউ যদি যোগ্যতার শর্ত আর পূরণ না করেন, তবে তাঁর আর্থিক সাহায্য বন্ধ বা স্থগিত করা হতে পারে। তবে টাকা বন্ধ করার আগে সংশ্লিষ্ট উপভোক্তাকে নিজের বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হবে।
