বর্তমান সময়ে ব্যাঙ্কের কাজ থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা—সব ক্ষেত্রেই সবচেয়ে জরুরি পরিচয়পত্র হলো আধার কার্ড। তাই আধারের তথ্য সব সময় সঠিক ও আপডেট রাখা খুব দরকার। কিন্তু বয়স্ক বা অসুস্থ মানুষের পক্ষে আধার কেন্দ্রে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানো বেশ কষ্টকর। এই সমস্যার সমাধানেই রয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-এর বিশেষ ‘আধার হোম সার্ভিস’ (Aadhaar Home Service)। এই পরিষেবায় যোগ্য ব্যক্তিরা বাড়িতে বসেই নতুন আধার কার্ড তৈরি বা পুরনো তথ্যে বদল আনতে পারবেন। তবে সবার জন্য এই সুবিধা নয়।
কারা পাবেন আধারের এই হোম সার্ভিস?
UIDAI-এর নির্দেশিকা অনুযায়ী, বাড়িতে এসে আধার পরিষেবা কেবল বিশেষ কিছু শ্রেণির মানুষের জন্যই চালু করা হয়েছে:
প্রবীণ নাগরিক বা বয়স্ক ব্যক্তি।
শয্যাশায়ী বা গুরুতর অসুস্থ রোগী, যাঁরা আধার কেন্দ্রে যেতে অক্ষম।
বিশেষভাবে সক্ষম (দিব্যাঙ্গ) নাগরিক।
এই সুবিধা পেতে হলে আগে থেকে UIDAI-এর আঞ্চলিক কার্যালয় (Regional Office)-এ ইমেল বা আবেদনের মাধ্যমে অনুমতি নিতে হয়। অনুমতির জন্য বয়সের প্রমাণপত্র, রেজিস্টার্ড চিকিৎসকের দেওয়া মেডিকেল সার্টিফিকেট অথবা বিশেষভাবে সক্ষম হওয়ার পরিচয়পত্র (Disability ID) জমা দিতে হয়।
আধার হোম সার্ভিস এর জন্য খরচ
বাড়িতে এসে পরিষেবা দেওয়ার জন্য UIDAI-এর নির্ধারিত সার্ভিস চার্জ হলো ৭০০ টাকা (জিএসটি সহ)। মনে রাখতে হবে, এটি কেবল বাড়িতে অপারেটর আসার আলাদা চার্জ। এর পাশাপাশি আধারের ডেমোগ্রাফিক বা বায়োমেট্রিক আপডেটের সাধারণ সরকারি ফি আলাদাভাবে দিতে হয়।
ডাক বিভাগের মাধ্যমে বাড়িতে মোবাইল লিঙ্ক ও শিশুদের আধার
শুধু UIDAI-এর হোম সার্ভিসই নয়, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB)-এর মাধ্যমেও বাড়িতে বসে কিছু জরুরি পরিষেবা পাওয়া যায়। নির্দিষ্ট কিছু এলাকায় ডাককর্মী বা গ্রামীণ ডাক সেবক বাড়িতে এসে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক বা আপডেট করে দেন, যার জন্য ৭৫ টাকা ফি নেওয়া হয়। পাশাপাশি ৫ বছরের কম বয়সী শিশুদের নতুন আধার কার্ড তৈরি (বাল আধার) নির্দিষ্ট কিছু পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে বসেই সম্পূর্ণ বিনামূল্যে করানো যায়। এর জন্য শিশুর ছবির পাশাপাশি মা-বাবার পরিচয় ও বায়োমেট্রিক যাচাই করা হয়।
আরও পড়ুন: ইনকাম সার্টিফিকেট বানান বাড়িতে বসেই! অনলাইনে আবেদনের নিয়ম ও কত দিনে হাতে পাবেন জানুন
আধার কেন্দ্রে সাধারণ আপডেটের খরচ কত?
যাঁরা সরাসরি আধার কেন্দ্রে গিয়ে কাজ করাবেন, তাঁদের জন্য নির্ধারিত সরকারি ফি হলো:
নতুন আধার এনরোলমেন্ট: সম্পূর্ণ বিনামূল্যে।
ডেমোগ্রাফিক আপডেট (নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল বা ইমেল): ৭৫ টাকা।
বায়োমেট্রিক আপডেট (আঙুলের ছাপ, চোখের মণি ও ছবি): ১২৫ টাকা।
তাই বাড়িতে বসে পরিষেবা নেওয়ার আগে আপনার এলাকার নিকটস্থ পোস্ট অফিস, আইপিপিবি (IPPB) অথবা UIDAI-এর হেল্পলাইন নম্বর ১৯৪৭-এ যোগাযোগ করে পরিষেবার প্রাপ্যতা ও খরচ সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।
