পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে রাজ্য সরকারের অন্যতম বড় প্রকল্প হলো ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ বা অন্নপূর্ণা যোজনা। আগের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে ১,৫০০ টাকা দেওয়া হলেও, বর্তমান রাজ্য সরকার সেই অনুদান একলাফে দ্বিগুণ করে মাসে ৩,০০০ টাকা করেছে।
তবে প্রকল্পটি চালু হওয়ার পর থেকেই রাজ্যের যৌথ পরিবারগুলোতে একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল—একই বাড়িতে শাশুড়ি, বউমা বা একাধিক প্রাপ্তবয়স্ক মহিলা থাকলে সবাই কি এই টাকা পাবেন? এবার সেই সমস্ত ধোঁয়াশা কাটিয়ে নতুন নিয়ম স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
একই পরিবারে কতজন অন্নপূর্না ভাণ্ডারের টাকা পাবেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার থেকে একটি পরিবারের সর্বোচ্চ ২ জন মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের মাসিক ৩,০০০ টাকা পাবেন। এর বেশি সদস্য একই পরিবার থেকে এই ভাতা পাবেন না। আগে অনেক ক্ষেত্রেই একই পরিবারের ৪ থেকে ৫ জন সরকারি ভাতার সুবিধা নিতেন বা ভুয়ো তথ্য দিয়ে টাকা তোলার অভিযোগ উঠত। সেই অনিয়ম রুখতেই এখন কড়া ঝাড়াই-বাছাই চলছে। প্রশাসনের মতে, পরিবার পিছু সর্বোচ্চ দু’জনের সীমা বেঁধে দেওয়ায় প্রকৃত অভাবী ও নতুন আরও বেশি পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা সম্ভব হবে।
নতুন আবেদন কবে শুরু এবং টাকা কবে ঢুকবে?
যাঁরা নথির সমস্যা বা অন্য কোনো কারণে প্রথম দফায় আবেদন করতে পারেননি, তাঁদের জন্যও বড় সুখবর রয়েছে। রাজ্য সরকারের ‘আপনার সরকার আপনার পাশে’ শিবিরের মাধ্যমে বাদ পড়া যোগ্য মহিলারা নতুন করে নাম নথিভুক্ত করতে পারবেন।
সরকারি সময়সূচি অনুযায়ী, আগামী জানুয়ারি মাস থেকে নতুন আবেদন গ্রহণ শুরু হবে। ফর্ম জমা পড়ার পর আধিকারিকেরা নথি যাচাই ও ক্ষেত্রসমীক্ষা (Field Verification) করবেন। সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাস থেকেই নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে ৩,০০০ টাকা ঢুকতে শুরু করবে।
আরও পড়ুন: ৩০০০ টাকা নয়! যুবশক্তিতে মাসে মিলবে ২০০০ ও ১৫০০ টাকা, কবে থেকে ঢুকবে? জানুন বিস্তারিত
নতুন আবেদনের জন্য জরুরি শর্তাবলি
নতুন করে আবেদন করার আগে নারী ও শিশুকল্যাণ দপ্তরের এই নিয়মগুলো জেনে রাখা জরুরি:
আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে।
মহিলার ব্যক্তিগত মাসিক আয় ১০,০০০ টাকার বেশি এবং পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
সরকারি চাকরিজীবী, পেনশনভোগী বা আয়করদাতা (Income Tax Payer) পরিবারের মহিলারা এই সুবিধা পাবেন না।
নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ (Aadhaar Link) থাকা বাধ্যতামূলক।
নির্দিষ্ট শর্তসাপেক্ষে প্রতিবন্ধী ভাতা বা পিএম-কিষাণ (PM-KISAN) প্রাপক মহিলারা আবেদন করতে পারবেন। তবে যাঁরা অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাবেন, তাঁরা একসঙ্গে যুবশক্তি ভরসা স্কিমের ভাতা নিতে পারবেন না।
