যুবসাথীর টাকা কবে পাবেন? ১৫ মার্চের মধ্যে শেষ করতে হবে এই জরুরি কাজ

রাজ্যের কর্মহীন যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে চালু হয়েছে বাংলার যুবসাথী প্রকল্প। এই প্রকল্পে ইতিমধ্যেই বহু আবেদন জমা পড়েছে। তবে যারা আবেদন করেছেন, তাঁদের মধ্যে অনেকেই জানতে চাইছেন—আবেদনের স্টেটাস কবে দেখা যাবে এবং কবে থেকে অ্যাকাউন্টে টাকা আসবে।

সম্প্রতি এই বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। বিশেষ করে যারা অফলাইনে আবেদন করেছিলেন, তাদের আবেদন দ্রুত অনলাইনে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।


যুব সাথীর আবেদনগুলো অনলাইন পোর্টালে তোলা হচ্ছে

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে দুয়ারে সরকার ক্যাম্প এবং বিভিন্ন সরকারি অফিসে যুবসাথী প্রকল্পের আবেদন গ্রহণ করা হয়েছিল। অনেক আবেদনকারী সেই সময় কাগজপত্র জমা দিয়ে অফলাইনে আবেদন করেছিলেন।

এখন সেই সমস্ত আবেদনপত্রের তথ্য সরকারি পোর্টালে আপলোড করে ডিজিটাল রেকর্ড তৈরির কাজ শুরু হয়েছে। এজন্য প্রতিটি জেলার প্রশাসনকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে।


কোথায় হচ্ছে ডেটা এন্ট্রির কাজ? 

সরকারি নির্দেশ অনুযায়ী বিভিন্ন জায়গায় আবেদনপত্রের তথ্য অনলাইনে তোলার কাজ করা হবে।

  • গ্রামীণ এলাকায় ব্লক অফিসে
  • শহরের ক্ষেত্রে মহকুমা শাসকের (SDO) অফিসে
  • কলকাতা পুরসভার এলাকায় নির্দিষ্ট বরো অফিস বা নির্ধারিত সেন্টারে

এই সব জায়গায় কর্মীরা আবেদনপত্রের তথ্য পোর্টালে আপলোড করবেন।


১৫ মার্চের মধ্যে শেষ করতে হবে আপলোড

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ১৫ মার্চ ২০২৬-এর মধ্যে সমস্ত অফলাইন আবেদন পোর্টালে আপলোড করতে হবে।

শুধু আবেদনপত্র নয়, আবেদনকারীদের জমা দেওয়া কিছু গুরুত্বপূর্ণ নথিও স্ক্যান করে আপলোড করতে হবে। যেমন—

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • ব্যাঙ্কের পাশবই
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র

এই সব তথ্য আপলোড হওয়ার পরই আবেদনটি সম্পূর্ণ হিসেবে গণ্য হবে।


কবে থেকে দেখা যাবে  যুব সাথীর স্ট্যাটাস?

যারা অফলাইনে আবেদন করেছিলেন, তারা বর্তমানে অনলাইনে নিজেদের স্টেটাস দেখতে পাচ্ছেন না। কারণ প্রথমে সমস্ত আবেদনপত্র ডিজিটালভাবে আপলোড করা হচ্ছে।

সরকারি সূত্রে জানা গেছে, ১৫ মার্চের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা। এরপর আবেদনকারীরা পোর্টালে গিয়ে নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন।


কবে থেকে মিলতে পারে টাকা?

সব প্রক্রিয়া ঠিকঠাকভাবে শেষ হলে রাজ্যের পরিকল্পনা অনুযায়ী ১ এপ্রিল ২০২৬ থেকে যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু হতে পারে।

তবে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, সেই বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) প্রকাশ করবে রাজ্য সরকার।


কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, রাজ্য সরকার ২১ থেকে ৪০ বছর বয়সী কর্মহীন যুবক-যুবতীদের এই প্রকল্পের আওতায় আনতে চায়।

তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও পরিষ্কার নয়—যারা ইতিমধ্যে অন্য সরকারি প্রকল্প যেমন কৃষক বন্ধু-র সুবিধা পাচ্ছেন, তারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন কি না।

 

Leave a Comment